২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

যৌতুকের জন্য জেলার শ্রীপুর উপজেলায় এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2010, 12:04 PM

Updated : 24 Aug 2022, 08:44 PM

মাগুরা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যৌতুকের জন্য জেলার শ্রীপুর উপজেলায় এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মুজদিয়া গ্রামে বুধবার রাতে রূপসা খাতুন (২৬) নামের এই গৃহবধূ অগ্নিদগ্ধ হন। তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। রূপসার বাবা রাধানগর গ্রামের আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টার দিকে রূপসাকে তার স্বামী সাজ্জাদ খানসহ শ্বশুর বাড়ির লোকজন বেদম মারধর করে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। সাজ্জাদ মুজদিয়া গ্রামের আইয়ুব খানের ছেলে। আবুল কাশেম ও রূপসার আইনজীবী এস্কেন্দার আজম বাবলু জানান, সাজ্জাদের সঙ্গে ২০০৮ সালের প্রথম দিকে রূপসার বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকেরা যৌতুকের জন্য তার ওপর নির্যাতন চালিয়ে আসছিল। তিন মাস আগে রূপসা শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি চলে আসেন। এক মাস আগে তিনি মাগুরার বিচার বিভাগীয় হাকিম আদালতে স্বামীসহ শ্বশুর বাড়ির অন্যান্যদের আসামি করে একটি মামলা করেন। এরই মধ্যে উভয় পরিবারের মধ্যে সমঝোতায় এক সপ্তাহ আগে রূপসা আবার শ্বশুর বাড়ি ফিরে যান। কিন্তু শ্বশুর বাড়ির লোকজন আবার যৌতুকের জন্য এবং মামলা তুলে নিতে তার ওপর নির্যাতন শুরু করে। শ্রীপুর থানার ওসি আজিজুল হক জানান, তারা এখনো বিষয়টি জানেন না। থানায়ও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪০ ঘ.