২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলার আসামিকে পিটিয়ে খুন

ময়মনসিংহ শহরে একটি হত্যা মামলার আসামিকে পিটিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2010, 05:11 PM

Updated : 24 Aug 2022, 08:38 PM

ময়মনসিংহ, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ময়মনসিংহ শহরে একটি হত্যা মামলার আসামিকে পিটিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে রামকৃষ্ণ মিশন রোডে রাজু (২৫) নামের এই আসামিকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। রাজুর একই এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি ওই এলাকার নাসির হত্যা মামলার আসামি ছিলেন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনার পর এলাকার দুটি গ্র"পের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পুলিশ সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কোতয়ালি থানার ওসি গোলাম সারোয়ার সাংবাদিকদের বলেন, মার্চে রামকৃষ্ণ মিশন রোডে নাসির হত্যার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন। তিনি জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে রাজুকে বাসা থেকে ডেকে নিয়ে যায় কয়েক যুবক। তাকে এলাকার একটি বাসায় নিয়ে যাওয়ার পর সেখানে ৭-৮ জন যুবকের সঙ্গে রাজুর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা রাজুকে বেধড়ক পেটায়। স্থানীয়রা রাজুকে উদ্ধার করে দুপুর ১টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুপুর সাড়ে তিনটায় তার মৃত্যু হয় বলে ওসি জানান। গত ১১ মার্চ রামকৃষ্ণ মিশন রোড এলাকার বাসিন্দা নাসিরকে বাসা থেকে ডেকে নিয়ে দুই হাত কেটে ফেলে দুর্বৃত্তরা। ওইদিন রাতেই তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/ ২২৫৯ ঘ.