জামালপুর, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আট বছরের শিশুকে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জামালপুরের একটি আদালত।
জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. মোতাহার হোসেন সোমবার এ রায় দেন।
দণ্ডিত হযরত আলীর বাড়ি সদর উপজেলার ডৌহাতলা গ্রামে।
মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার মধ্য গজারিয়া গ্রামের ওই শিশুটিকে হযরত আলী ২০০৯ সালে ২ অক্টোবর তাদের ঘরে ধর্ষণ করে। ঘটনার সময় শিশুটির মা-বাবা কেউ বাড়িতে ছিলেন না।
পরদিন শিশুটির বাবা বাদি হয়ে হযরত আলীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন জামালপুর থানায়। হযরত আলী সম্পর্কে শিশুটির ফুফা।
মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। রায় ঘোষণার সময় দণ্ডিত হযরত আলীকে আদালতের আনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯৫০ ঘ.
bdnews24