২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কর্মকর্তাদের কাজে গাফিলতি সহ্য করবো না'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে বলেছেন, কাজের ক্ষেত্রে গাফিলতি সহ্য করা হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2010, 02:08 PM

Updated : 24 Aug 2022, 08:35 PM

সাভার, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে বলেছেন, কাজের ক্ষেত্রে গাফিলতি সহ্য করা হবে না। তিনি বলেন, "আপনাদের বেতন-ভাতার প্রতিটি পয়সা জনগণের। পয়সার বিনিময়ে তারা সেবা নিচ্ছে। জনগণের প্রতিনিধি হিসেবে আমরা এ ব্যাপারে বিন্দুমাত্র গাফলতি সহ্য করবো না।" রোববার দুপুরে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৪৫তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সৎ জীবনযাপন ও অন্যদের তা অনুসরণে উদ্বুদ্ধ করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "মর্যাদা অনুযায়ী জীবনধারনের সুযোগ নিশ্চিত করতে নতুন বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে।" দেশ ও জনগণের সেবা করার মানসিকতা গড়ে তোলার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "আপনাদের ঔপনিবেশিক ধ্যান-ধারণা থেকে বের হয়ে আসতে হবে। পরিবর্তন আনতে হবে সামগ্রিক মানসিক কাঠামোর।" মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ একই সূতোয় গাথাঁ। এই তিন অপশক্তি মেধাবী ছেলে-মেয়েদের বিপথে ঠেলে দিচ্ছে। ধ্বংস করছে সমাজ ও পরিবার। এ ব্যাপারে সরকারি কর্মকর্তাদের সজাগ থাকতে হবে, বলেন হাসিনা। খাল-বিল-নদী দখলে গভীর উদ্বেগ প্রকাশ করে জলবায়ু সঙ্কট মোকাবিলায় ভূমিদস্যূদের হাত থেকে এগুলো রক্ষায় কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান প্রধানমন্ত্রী। বিপিএটিসির রেক্টর এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম প্রমুখ। এর আগে প্রধানমন্ত্রী প্রশিক্ষণে অংশে নেওয়া ত্রিশ কর্মর্তার হাতে পুরস্কার তুলে দেন। চার মাস মেয়াদী এ কোর্সে ২১টি ক্যাডারের ২৪৩ জন কর্মকর্তা অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০১ ঘ.