২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বিচারকদের শপথ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য

নবনিযুক্ত বিচারকদের শপথ পড়ানো নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও অ্যাটর্নি জেনারেল পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2010, 01:10 PM

Updated : 24 Aug 2022, 08:35 PM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবনিযুক্ত বিচারকদের শপথ পড়ানো নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও অ্যাটর্নি জেনারেল পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। রোববার প্রধান বিচারপতি মো. ফজলুল করিম নবনিযুক্ত ১৭ বিচারকের মধ্যে ১৫ জনকে শপথ করিয়েছেন। তবে তিনি এ পদে নিয়োগ পাওয়া জাসদ ছাত্রলীগের সাবেক শীর্ষনেতা মো. রুহুল কুদ্দুস বাবু এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ খসরুজ্জামানকে শপথ করাননি। গত ১১ এপ্রিল রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ১৭ অতিরিক্ত বিচারককে তাদের শপথ গ্রহণের দিন থেকে দুই বছরের জন্য নিয়োগ দেন। এ নিয়ে দুপুরে সুপ্রিম কোর্ট বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বলেন, দু'জন বিচারককে শপথ পাঠ না করানোর জন্য প্রধান বিচারপতিকে ধন্যবাদ। বিচারপতি রুহুল কুদ্দুস বাবু ও মোহাম্মদ খসরুজ্জামানের নিয়োগের গেজেট বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, "দুই বিচারককে শপথ না পড়িয়ে প্রধান বিচারপতি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সরকার প্রধান বিচারপতির অবস্থানের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এই দুই বিচারকের নিয়োগ বাতিল করবে বলে আশা করছি।" খন্দকার মাহবুব হোসেন আরো বলেন, "১৯৯৪ সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে বিচারক নিয়োগ নিয়ে তৎকালীন প্রধান বিচারপতি প্রশ্ন তুললে সেই নিয়োগ প্রত্যহার করা হয়। বিতর্কিত ব্যক্তিদের বিচারক হিসেবে নিয়োগ দিলে আইনজীবীরা তা মেনে নেবে না।" অপরদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম অপর এক প্রেস ব্রিফিংয়ে বলেন, "নবনিযুক্ত ১৫ বিচারককে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আশা করছি প্রধান বিচারপতি অচিরেই অপর দুই বিচারককে শপথ পাঠ করাবেন।" তিনি বলেন, রাষ্ট্রপতি ১৭ জন বিচারককে নিয়োগ দিয়েছেন। ওই নিয়োগ আদেশ এখনো বহাল রয়েছে। ১৫ বিচারকের শপথ গ্রহণ অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিদের অনুপস্থিত থাকা প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারপতিদের শপথ অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিদের না যাওয়া বা যাওয়া থেকে বিরত থাকার ঘটনা অতীতে ঘটেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/১৯০০ ঘ.