পাবনা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার আতাইকুলা থানার ফলিয়া লক্ষ্মীপুর গ্রামে এক 'চরমপন্থি' নেতা খুন হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
শনিবার রাতে আব্দুস সবুর খান (৩৫) নামের ওই ব্যক্তিকে খুন করে রাস্তায় ফেলে রাখে দুর্বৃত্তরা। রোববার ভোরে তার লাশ পাওয়া যায়। তিনি চাটমোহর উপজেলার খতবাড়ী গ্রামের রফিক খানের ছেলে।
প্রতিপক্ষ পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) সদস্যরা তাকে খুন করেছে বলে ধারণা করছে পুলিশ।
আতাইকুলা থানার ওসি সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, শনিবার রাতের কোনো এক সময় সবুর খানকে গলায় রশি জাতীয় কিছু পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ রাস্তায় ফেলে রাখে। সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় আতাইকুলা থানায় মামলা হয়েছে। কেউ গ্রেপ্তার হয়নি।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট একেএম মোশারোফ হোসেন মিয়াজী জানান, নিহত সবুর খান দুর্ধর্ষ সন্ত্রাসী এবং পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) আঞ্চলিক নেতা ছিলেন। তার বিরুদ্ধে নয়টি হত্যাসহ অন্তত দেড় ডজন মামলা রয়েছে।
তিনি বলেন, প্রতিপক্ষের চরমপন্থি গ্র"পের সদস্যরা তাকে খুন করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪০ ঘ.
bdnews24