রংপুর, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের জেলা প্রশাসককে অপসারণ ও তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে বলেছে জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ।
স্ত্রীর জন্মদিনে নিজের সরকারি বাসভবনে আলোকসজ্জা এবং কারণ ছাড়া একটি নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করায় শনিবার বিকালে রংপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সদস্য সচিব রফিকুল ইসলাম দুলাল।
লিখিত বক্তব্যে বলা হয়, দেশে বিদ্যুতের ভয়াবহ সঙ্কটের এই মুহূর্তে জেলা প্রশাসক বিএম এনামুল হক গত মঙ্গলবার (১৩ এপ্রিল) তার স্ত্রী কাবেরী এনামের জন্মদিন পালন উপলক্ষে সন্ধ্যা থেকে সারারাত তার সরকারি বাসভবনে রাজকীয় আলোকসজ্জা করে বিদ্যুতের অপচয় করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ অপচয় বন্ধে সরকারি কর্মকর্তাদের নির্দেশের কথা উল্লেখ করে সম্মেলনে বলা হয়, এতে সরকারের ভাবমূর্তি ক্ষূন্ন করা হয়েছে।
এছাড়া শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ে ৮৪টি এমএলএসএস পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোনো কারণ ছাড়াই পরীক্ষা স্থগিত করেন তিনি।
জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সাত হাজার তিনশ' পরীক্ষার্থী এসে স্থগিত হওয়ার খবর পান।
এ কারণে তারা জেলা প্রশাসকের অপসারণ ও তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে সংহতি পরিষদের জেলা আহবায়ক হুমায়ুন রশীদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াছ আহাম্মেদ, রংপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে রংপুরের জেলা প্রশাসক বিএম এনামুল হক বলেন, "চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমার বাস ভবনে আলোকসজ্জা করা হয়েছিলো। আমার স্ত্রীর জন্মদিন উপলক্ষে করিনি।"
স্ত্রীর জন্মদিন ঘরোয়াভাবে পালন করেছেন বলে দাবি করেন তিনি।
এছাড়া ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় পরীক্ষার প্রস্তুতি নেওয়া যায়নি বলে স্থগিত করা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৫ ঘ.
bdnews24