ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজ ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে মানিয়া সুলতানা প্রভা নামে ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রী আত্মহত্যা করেছেন।
তিনি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন।
শুক্রবার বিকালে সবুজবাগ থানার ১২৫/এ মাদারটেকের বাসায় এ ঘটনা ঘটে। তিনি সেখানে বাবা-মায়ের সঙ্গে থাকতেন। শুক্রবারই রাত ৯টার দিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক প্রলয় কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৭ সালে নবম শ্রেণীতে পড়ার সময় তিনি বাসা ছেড়ে একটি ছেলেকে বিয়ে করেন। গত বছর ছেলেটির সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়।
ছাড়াছাড়ির পর থেকে প্রভা কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পুলিশকে জানায় তার পরিবার।
"এ সমস্যায় তিনি আত্মহতা করে থাকতে পারেন," বলেন প্রলয়।
তিনি জানান, শুক্রবার বিকালে নিজের কক্ষের দরজা আটকে প্রভা আত্মহত্যা করলেও পরিবারের সদস্যরা ৭টার পরে বিষয়টি টের পায়। পরে আমরা গিয়ে মৃতদেহ উদ্ধার করি।
হোটেল থেকে পালাতে গিয়ে মৃত্যু: এদিকে রাজধানীর একটি আবাসিক হোটেল থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে সবুজ (৪৪) নামের একজন মারা গেছেন।
শনিবার দুপুরে সেক্রেটারিয়েট রোডের হোটেল বঙ্গরাজে এ ঘটনা ঘটে।
হোটেলটির আরিফ নামের এক কর্মী জানান, দুপুরের দিকে ডিবি পুলিশ হোটেলটিতে অভিযান চালায়। এ সময় পাঁচতলার ছাদ থেকে লাফিয়ে পালাতে গিয়ে পাশের একটি টিনের চালের ওপর পড়ে আহত হন সবুজ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই আবাসিক হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২০৩২ ঘ.
bdnews24