২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুথপেস্টের টিউব টেপে মুড়িয়ে বোমাতঙ্ক ছড়ানোর চেষ্টা

টুথপেস্টের টিউব স্কচ টেপ দিয়ে মুড়িয়ে পঞ্চগড় শহরের একটি স্কুলে শনিবার বোমাতঙ্ক ছড়ানোর চেষ্টা চালায় দুষ্কৃতকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2010, 10:10 AM

Updated : 24 Aug 2022, 08:33 PM

পঞ্চগড়, এপ্রিল ১৭ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম)- টুথপেস্টের টিউব স্কচ টেপ দিয়ে মুড়িয়ে পঞ্চগড় শহরের একটি স্কুলে শনিবার বোমাতঙ্ক ছড়ানোর চেষ্টা চালায় দুষ্কৃতকারীরা। পরে পুলিশ গিয়ে শহরের রাজনগর মহল্লার পৌর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে বোমা সদৃশ বস্তুটি উদ্ধারের পর দেখে, এতে কোনো ধরনের বিস্ফোরকই নেই। তবে এ ঘটনার পর ওই বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে। সদর থানার ওসি জমিরউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই বিদ্যালয়ের টয়লেট বোমা পেতে রাখার খবর পেয়ে তারা গিয়ে একটি বস্তু উদ্ধার করেন। "এতে টুথপেস্টের একটি খালি টিউব এবং চারটি পেন্সিল ব্যাটারি লাল টেপ দিয়ে জড়িয়ে রাখা ছিলো", বলেন তিনি। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, সকাল সাড়ে ৯টায় দুজন শিক্ষক বিদ্যালয়ের অফিসরুমে একটি ও সপ্তম শ্রেণীর ক্লাসরুমে দুটি চিরকুট পায়। সেখানে প্রধান শিক্ষক বরাবরে লেখা ছিলো- "প্রথমে আমার সালাম নিবেন। আপনার স্কুলের ৫ জন ছাত্র আমার প্রয়োজন। যদি না দেন, তাহলে আপনার স্কুল বোমা দিয়ে উড়িয়ে দেবো। ১ম বোমাটি আপনার স্কুলের ল্যাট্রিন অথবা ক্লাসরুমে আছে।" পরে কর্তৃপক্ষ পুলিশে খবর দেয় এবং পূর্ব নির্ধারিত প্রথম সাময়িক পরীক্ষা স্থগিত ঘোষণা করে। প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, "স্বাভাবিক কারণেই সবাই ভয় পেয়েছে। এ কারণে পরীক্ষা শুরুর কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। " এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। কারা আতঙ্ক ছড়ানোর চেষ্টা চালিয়েছে, তাদের খুঁজে বের করা হবে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/এমআই/১৬০০ ঘ.