সিরাজগঞ্জ, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে পৌর শহরের দুটি মহল্লার বাসিন্দারা বৃহস্পতিবারের পর শুক্রবারও সংঘর্ষে লিপ্ত হয়েছে।
"এ নিয়ে আমরা খুব ঝামেলার মধ্যে আছি", বলেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন সাঈদী।
শুক্রবারের সংঘর্ষের পর দুই মহল্লাবাসীর সংঘর্ষের পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
দেলোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ না থাকলেই দুই মহল্লার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।"
স্থানীয়রা জানান, রহমতগঞ্জ কাঠেরপুল সেতুর উত্তর-দক্ষিণে আধিপত্য বিস্তার ও সিএনজি অটো রিকশার অবৈধভাবে চাঁদা উত্তোলন নিয়ে নতুন ভাঙ্গাবাড়ি ও রহমতগঞ্জ এলাকার আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে বিরোধ চলছিলো। এখন তা দুই এলাকার দ্বন্দ্বে রূপ নিয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৭ রাউন্ড রাবার বুলেট ও ১২ রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে। সংঘর্ষ ও পুলিশের হামলায় মহিলাসহ প্রায় অর্ধশত আহত হয়।
শুক্রবার সকাল ৭টার দিকে পুনরায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয় বলে স্থানীয়রা জানায়।
এদিকে বৃহস্পতিবারের সংঘর্ষের পর পুলিশ গণধরপাকড় চালায় অভিযোগ করে শাহেদগঞ্জ ও বেপারীপাড়ার বাসিন্দারা সদর থানা ঘেরাও করে।
থানার ওসি মো. ওয়ারেছ আলী মিয়ার নিরাপরাধদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিলে এক ঘণ্টা পর তারা অবরোধ ছাড়ে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ সুপারের নির্দেশ পেলেই প্রকৃত অপরাধীদের রেখে বাকিদের ছেড়ে দেওয়া হবে।
অবরোধকারীদের অভিযোগ, শুক্রবার ভোররাতে শাহেদগঞ্জ ও বেপারীপাড়ায় পুলিশ অভিযান চালিয়ে ৫০ জনকে আটক করে এবং অনেককে মারধর করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/এমআই/১৫১৫ ঘ.
bdnews24