গাজীপুর, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরে চালককে হত্যার পর একটি লেগুনা (চার চাকার যান্ত্রিক যান) ছিনতাই করে পালানোর সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর উপজেলার লোহাকুর বড় বাইদের ব্রিজ এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মো. শাহাদত হোসেন (১৭)। তিনি জেলার হাটিপাড়া গ্রামের শরবত আলীর ছেলে।
বৃহস্পতিবার জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজাহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোণাবাড়ি এলাকা থেকে কালিয়াকৈরে বিয়ে বাড়িতে যাওয়ার কথা বলে বুধবার সন্ধ্যায় গাড়িটি ভাড়া করে যাত্রীবেশী ছয় ছিনতাইকারী।
বড় বাইদের ব্রিজের কাছে পৌঁছালে তারা গাড়িচালক শাহাদাতকে খুন করে এবং তার সহকারী ফরিদকে মারধর করে গাড়ি নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ রাত পৌনে ১২ টার দিকে ঘটনাস্থল থেকে চালকের লাশ উদ্ধার করে।
এসআই আজহার বলেন, রাত ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর এলাকায় একটি সিএনজি স্টেশনে গ্যাস নিতে এলে পুলিশ গাড়িটি আটক করে। গ্রেপ্তার করা হয় রাসেল নামের একজনকে।
রাসেলের বাড়ি গাজিপুর সদর উপজেলার জরুন এলাকায়। তার দেওয়া তথ্য অনুযায়ী কালিয়াকৈর উপজেলার জরুন এলাকা থেকে আরো চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এরা হলেন- জরুন এলাকার রমিজ উদ্দিন (২০), বরিশালের বাকেরগঞ্জ এলাকার সবুজ (১৮), টাঙ্গাইলের পোড়াবাড়ি এলাকার হাবিবুর রহমান ওরফে ওসমান (২০) ও নেত্রকোনার জালসুকা এলাকার সাইফুল (১৮)।
জয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০২০ ঘ.
bdnews24