২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীর নাছিরকে বিদেশ যেতে বাধার অভিযোগ

সাবেক বিমান প্রতিমন্ত্রী ও বিএনপি উপদেষ্টা কাউন্সিলের সদস্য মীর মোহাম্মদ নাছিরউদ্দিনকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2010, 01:30 PM

Updated : 24 Aug 2022, 08:29 PM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক বিমান প্রতিমন্ত্রী ও বিএনপি উপদেষ্টা কাউন্সিলের সদস্য মীর মোহাম্মদ নাছিরউদ্দিনকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের মদিনার উদ্দেশে তার রওনা হওয়ার কথা ছিল। কিন্তু শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের বহির্গমন বিভাগের কর্মকর্তারা তাকে যেতে দেননি বলে তিনি জানিয়েছেন। মীর নাছির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল চারটার ফ্লাইটে সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে তিনি দুপুর দেড়টায় বিমান বন্দরে পৌঁছান। এরপর বহির্গমন বিভাগের একজন কর্মকর্তা 'উপরের নির্দেশ আছে, আপনাকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া যাবেনা'- একথা বলে তাকে বহির্গমন বিভাগে বিকাল পৌনে চারটা পর্যন্ত বসিয়ে রাখেন। কেন তাকে বিদেশ যেতে দেওয়া হচ্ছে না সেব্যাপারে কর্মকর্তারা সুস্পষ্টভাবে কিছু বলতে পারেননি বলে মীর নাছির জানান। বর্তমান সরকারের আমলে মীর নাছির চিকিৎসার জন্য এ পর্যন্ত দু'বার সৌদি আরব গেছেন। এবার ওমরা হজ্জ করা ছাড়াও সেখানে স্ত্রী, কন্যা এবং বোনের কবর জিয়ারত করতে যাচ্ছেন জানানো হলেও বহির্গমন বিভাগের কর্মকর্তারা তার কথায় কান দেয়নি বলে তিনি অভিযোগ করেন। পরে তিনি বিমানবন্দর থেকে বাসায় চলে আসেন। ২০০৬ সালে ৫ মার্চ সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় মীর নাছিরের স্ত্রী, কন্যা এবং বোন নিহত হন। ওই দুর্ঘটনায় তিনি নিজেও আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/১৯১৭ ঘ.