চাঁদপুর, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় একটি নৌকা ডুবে এক মাঝি মারা গেছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর জেলা শহর সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
মৃত মাঝির নাম হাশেম খাঁ (৭০)। তার বাড়ি মেঘনার ওপারে শরীয়তপুর জেলার তারাবুনিয়া এলাকায়।
হাশেম যাত্রীসহ তার নৌকা নিয়ে পুরানবাজার ভূঁইয়ার ঘাট থেকে বড় স্টেশন যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী দোকানদার মনির হোসেন এবং হাশেম খাঁর ভাতিজা নৌকার মাঝি আলী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাঁদপুর লঞ্চ ঘাট থেকে ছেড়ে আসা হুলারহাটগামী এমভি আল ওয়ালী নামের একটি যাত্রীবাহী লঞ্চ হাশেমের নৌকাটিকে ধাক্কা দেয়।
এতে নৌকাটি খণ্ডবিখণ্ড হয়ে যায়। মাথায় গুরুতর আঘাত পান মাঝি হাশেম। তাকে চাঁদুপর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আহসান উল্যা রুমি সাড়ে ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।
নৌকায় মোট সাত যাত্রী ছিলেন। তবে অন্যরা সাঁতরে কূলে ওঠেন বলে স্থানীয়রা জানায়।
এ ঘটনায় থানায় কোনো ধরনের অভিযোগ করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/এমআই/১০২৫ ঘ.
bdnews24