২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষানীতি এ সপ্তাহেই প্রধানমন্ত্রীকে পাঠানো হচ্ছে

প্রস্তাবিত শিক্ষানীতির সংশোধনী এ সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2010, 04:44 PM

Updated : 24 Aug 2022, 08:24 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত শিক্ষানীতির সংশোধনী এ সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার মণিসিংহ ফরহাদ ট্রাস্ট ভবনে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট আয়োজিত শিক্ষক প্রতিনিধি সভায় তিনি এ কথা জানান। ফ্রন্টের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ এতে সভাপতিত্ব করেন। প্রস্তাবিত শিক্ষা নীতি সম্পর্কে নাহিদ বলেন, এটি কোনো দলীয় নীতি নয়, বরং এটি জাতীয় নীতি হিসেবে সবার কাছে পরিচিতি পাবে। সময়ের প্রয়োজনে এ শিক্ষানীতি অবশ্যই পরিবর্তন করা যাবে। এই শিক্ষানীতির কারণে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে বলে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরত থাকতে বলেন তিনি। তিনি আরো জানান, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির জন্য সরকার পৃথক বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল এবং আলাদা নিয়োগ কমিশন গঠন করা হবে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তি বন্ধ রাখার সমালোচনা করেন মন্ত্রী। কাজী ফারুক আহমেদ বলেন, শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে তাদের বেতন বাড়ানো অত্যন্ত জরুরি। সরকারের এ বেতন কমিশন শিক্ষকদের মর্যাদা বাড়াবে। তিনি মেধাবীদের এ পেশায় আসার আহ্বান জানান। সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি আজিজুল ইসলাম, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসাদুল হক, বাংলাদেশ কারিগরী কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২২৩৫ ঘ.