২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুশাসনে আমলাতন্ত্রের সংস্কার প্রয়োজন: আলাউদ্দিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা অধ্যাপক আলাউদ্দিন আহমেদ রোববার বলেছেন, জনগণের কল্যাণ ও সুশাসন প্রতিষ্ঠায় আমলাতন্ত্রের সংস্কার প্রয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2010, 01:33 PM

Updated : 24 Aug 2022, 08:22 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর উপদেষ্টা অধ্যাপক আলাউদ্দিন আহমেদ রোববার বলেছেন, জনগণের কল্যাণ ও সুশাসন প্রতিষ্ঠায় আমলাতন্ত্রের সংস্কার প্রয়োজন। রাজধানীর ব্র্যাক সেন্টারে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনীতি বিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন। "একটি ফাইল অনুমোদনে প্রশাসনিক কর্মকর্তা থেকে সচিব পর্যন্ত স্বাক্ষরের প্রয়োজন হয়" জানিয়ে তিনি বলেন, "সচিবদের প্রায়ই কোন না কোন সভা থাকায় ফাইল অনুমোদনে অনেক সময় দেরি হয়ে যায়।" তাই জনগণের কল্যাণ ও সুশাসন প্রতিষ্ঠায় জন্য আমলাতন্ত্রে সংস্কার আনা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। 'সততার অঙ্গীকার: সামাজিক জবাবদিহিতার মাধ্যমে অংশগ্রহণমূলক সুশাসন প্রতিষ্ঠা' শীর্ষক আন্তর্জাতিক এ সেমিনারের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এতে ইউরোপ, আফ্র্রিকা ও এশিয়ার ১২টি টিআই চ্যাপ্টার (দেশ) এবং টিআই সচিবালয়ের ২১ জন প্রতিনিধি অংশ নেন। জবাবদিহিতা নিশ্চিত করতে সংসদ সদস্যদের সংসদীয় স্থায়ী কমিটির প্রধান করা হয়েছে বলে জানান আলাউদ্দিন। তিনি জানান, দেশে দুর্নীতির অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। দেশকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান তিনি। সেমিনারে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, "সততার অঙ্গীকারের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণ ও রোধ, সেবার প্রতিদানে ঘুষসহ সব ধরনের অবৈধ লেনদেন বন্ধ করা, সেবার মান বৃদ্ধির সিদ্ধান্ত প্রক্রিয়ায় সেবাগ্রহীতার অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব।" টিআইবির সহযোগিতায় দেশের বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত নয়টি শিক্ষা প্রতিষ্ঠান এবং নয়টি স্থানীয় সরকার প্রতিষ্ঠান সততার অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছে বলে জানান ইফতেখারুজ্জামান। সংসদে এখনো জবাবদিহিমূলক ব্যবস্থা চালু হয়নি বলে মন্তব্য করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ। দুর্নীতি দমনে সংসদ সদস্যদের আরো বেশি সোচ্চার হতে বলেন তিনি। টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খানের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য দেন সংসদ সদস্য মমতাজ বেগম, আশরাফ আলী খান খসরু, নিলুফার চৌধুরী, জোবেদা খাতুন, শাম্মী আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক সালাহ উদ্দিন এম আমিনুজ্জামান, টিআই জাম্বিয়ার নির্বাহী পরিচালক গুডওয়েল লুঙ্গো, টিআই ইন্দোনেশিয়ার সেক্রেটারি জেনারেল তেতেন মোসডুলা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৯২৬ ঘ.