ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশ পরিচালনায় ব্যর্থতার অভিযোগ এনে সরকারের পদত্যাগ চেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান।
রাজধানীর মহানগর নাট্যমঞ্চে রোববার বিএনপির ঢাকা বিভাগের তৃণমূল প্রতিনিধি সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আমান বলেন, "সরকারের পদত্যাগ করে চলে যাওয়া উচিত।"
ঢাকা বিভাগের প্রতিনিধি সভার সমন্বয়ক আমান বলেন, "তারা (সরকার) সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। মানুষ আজ অতিষ্ঠ হয়ে পড়েছে। কেবল ঢাকায় নয় কুড়িগ্রামের মতো ছোট জেলায়ও ২১ ঘণ্টা বিদ্যুত থাকে না।"
গত ৬ মার্চ তৃণমূল বিভাগ প্রতিনিধি সম্মেলন কর্মসূচি শুরু হয় সিলেট থেকে।
১৩ এপ্রিল সকাল ১০টায় মহানগর নাট্যমঞ্চে ঢাকা বিভাগের তৃণমূল প্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে মাসব্যাপী বিএনপির তৃণমূল প্রতিনিধি সম্মেলনে কর্মসূচি শেষ হবে বলে জানান আমান।
আমান অভিযোগ করেন, বাংলাদেশকে একটি তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে গত তত্ত্বাবধায়ক সরকার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে মিথ্যা অপপ্রচার ও তার ওপর দমন-নির্যাতন করে।
তৃণমূল প্রতিনিধি সভার মতামত নিয়ে একটি প্রতিবেদন চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে উপস্থাপন করা হবে বলে জানান তিনি।
২০০৫ সালের ৪ জানুয়ারি তারেক রহমান মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের যোগাযোগ স্থাপনের লক্ষ্যে এই তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠান চালু করেন।
রোববারের সম্মেলনে জানানো হয়, ইতিমধ্যে ছয় বিভাগের ১৩টি জেলায় তৃণমূল প্রতিনিধি সভা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, মুন্সিগঞ্জ জেলা সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক রিপন মল্লিক, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সহসভাপতি শহীদুল ইসলাম বাবুল, ঢাকার নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান আশফাক হোসেন, নরসিংদী জেলার সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/পিডি/১৮৩১ ঘ.
bdnews24