২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবি না মানলে গণট্রাইবুনাল করবে তেল-গ্যাস কমিটি

৩০ এপ্রিলের মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে গণ ট্রাইব্যুনাল গঠনসহ আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছে তেল, গ্যাস,বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2010, 04:50 PM

Updated : 24 Aug 2022, 08:18 PM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩০ এপ্রিলের মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে গণ ট্রাইব্যুনাল গঠনসহ আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছে তেল, গ্যাস,বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটি। শুক্রবার পুরানা পল্টনের মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে কমিটি ১২ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নানা কর্মসূচি ঘোষণাসহ বিদ্যুৎ ও গ্যাস সংকট সমাধানে সরকারের কাছে স্বল্প ও দীর্ঘমেয়াদী ১৬ দফা দাবি উপস্থাপন করে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে- ১২ এপ্রিল মুক্তাঙ্গনে সমাবেশ, ২০ এপ্রিল থেকে ঢাকার বিভিন্ন স্থানে পদযাত্রা ও সমাবেশ, ৩০ এপ্রিল গণস্বাক্ষর সংগ্রহ পর্বের সমাপ্তি ও পরবর্তি কর্মসূচি ঘোষণা। কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ দাবি-দাওয়া উপস্থাপন ও কর্মসূচির ঘোষণা দিয়ে বলেন, ''আমাদের দাবি-দাওয়া পূরণে সরকার কার্যকর পদক্ষেপ নিলে আজ বিদ্যুৎ ও গ্যাস নিয়ে এই সংকট হতো না। বহুজাতিক কোম্পানীকে গ্যাস ব্লক দেওয়া ও মন্ত্রণালয়ের দুর্নীতির কারণে এই সংকটের সৃষ্টি। এজন্য বিগত সরকারগুলোর মতো এই সরকারকেও দায়ভার বহন করতে হবে।'' কমিটির স্বল্পমেয়াদী ৯ দফা দাবির মধ্যে আছে, রাষ্ট্রীয় মালিকানাধীন তিতাস ও হবিগঞ্জ গ্যাসক্ষেত্র থেকে উত্তোলন বাড়ানো, পেট্রোবাংলার বন্ধ ২১টি কূপ দ্রুত চালু করা, রাষ্ট্রীয় খাতের বিদ্যুৎ প্রকল্পসহ বড়পুকুরিয়া কয়লা চালিত বিদ্যুৎ প্ল্যান্ট জরুরি ভিত্তিতে মেরামত, গ্যাস-বিদ্যুৎ পরিবহন লাইন মেরামত ও নবায়ন, ক্ষুদ্র বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনে দেশীয় উদ্যোক্তাদের সুযোগ দেওয়া, বিদেশী কোম্পানীকে দেওয়া গ্যাস ব্লকগুলোতে অনুসন্ধান কাজ শুরুর তাগিদ দেওয়া। মধ্য ও দীর্ঘমেয়াদী ৭ দফা দাবির মধ্যে রয়েছে, পিএসপি-২০০৮ ও ফুলবাড়ী কয়লা খনি প্রকল্প বাতিল, সংসদে খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ বিল পাস করা, রাষ্ট্রের শতভাগ মালিকানা ও রপ্তানি নিষিদ্ধ করে নতুন নীতি প্রণয়ন, নবায়নযোগ্য জ্বালানি উৎস ব্যবহারে নীতিমালা তৈরি, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করা ইত্যাদি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জাতীয় কমিটির আহবায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বাম ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, খনিজ সম্পদের জাতীয় মালিকানা ও গ্যাস রপ্তানি নিষিদ্ধ করা হলে দেশে বিদ্যুৎের এই সংকট হতো না। বহুজাতিক কোম্পানীর রাহু থেকে নিজেদের মুক্ত করে জাতীয় সক্ষমতাকে নিশ্চিত করতে হবে। সংবাদ সম্মেলনে বিডি রহমতুল্লাহ বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সংকট সমাধানে করণীয় সম্পর্কে আলোকপাত করেন। এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক, সংগঠক নুর মোহাম্মদ, সিপিবি'র রুহিন হোসেন প্রিন্সসহ জাতীয় বামফ্রন্ট, গণ সংহতি আন্দোলন, বাসদ ও গণতন্ত্রী পার্টির নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২৪১ ঘ.