২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার সিঙ্গাপুর গেলেন মান্নান ভুঁইয়া

চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর গেছেন বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2010, 03:51 PM

Updated : 24 Aug 2022, 08:18 PM

ঢাকা, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর গেছেন বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া। সন্ধ্যা সাড়ে সাতটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন বলে জানিয়েছেন তার সহকারি নুরুল আমিন রিকাবদার (জাহান)। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের মিডিসিন বিশেষজ্ঞ টো হ্যাং চেং ও সার্জন টি অ্যাগেষ্টাইনের তত্ত্বাবধায়নে মান্নান ভুঁইয়ার চিকিৎসা চলছে। হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে মান্নান ভুঁইয়াকে বিদায় জানান সাবেক সচিব আবদুল হাকিম, কাজী সিরাজ, সাজু কামাল, সুরঞ্জন ঘোষসহ নেতৃবৃন্দ। মান্নান ভুঁইয়া জানান, আগামী ১২ এপ্রিল চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সময়সূচি রয়েছে। এরপর তার ফুসফুসে একটি অস্ত্রোপচার হবে। রওনা হওয়ার আগে গুলশানে নিজ বাসভবনে আশু আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমি সারা জীবন দেশের মানুষের কল্যাণে তাদের পাশে থেকে কাজ করেছি। আবার সুস্থ হয়ে দেশে ফিরে জনগণের কাজ করতে চাই।'' সর্বশেষ গত ৭ মার্চ ওই হাসপাতালে চিকিৎসা শেষে তিনি দেশে ফেরেন। চিকিৎসার জন্য জানুয়ারির পর তিনি দুইবার সিঙ্গাপুর যান। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের প্রভাবশালী এই মন্ত্রী টানা ১১ বছর বিএনপির মহাসচিব ছিলেন। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর দলের চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্তে মান্নান ভুঁইয়াকে দল থেকে বহিষ্কার করেন। এরপর থেকে তিনি রাজনীতি থেকে দূরে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৪৫ ঘ.