২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ উদ্ধার

অপহরণের তিনদিন পর ঝিনাইদহের এক সার ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2010, 12:15 PM

Updated : 24 Aug 2022, 08:19 PM

ঝিনাইদহ, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের তিনদিন পর ঝিনাইদহের এক সার ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে শৈলকুপা উপজেলার বগুড়া গ্রাম থেকে ব্যবসায়ী আব্দুল লতিফের লাশ উদ্ধার করে পুলিশ। লতিফ অপহরণ হয়েছেন জানিয়ে মঙ্গলবার তার ছেলে মামনুর রশীদ থানায় মামলা করেন। লতিফের বাড়ি ভাটৈ বাজারের পাশের আহসাননগর গ্রামে। তিনি শৈলকুপা উপজেলা সার ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন। মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বড়বাড়ি বগুড়া গ্রামের ব্যবসায়ী মুস্তাকুর রহমানের কাছ থেকে পাওনা ৩ লাখ ৭৫ হাজার টাকা আনতে মঙ্গলবার দুপুরে বাবা মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার সন্ধান নেই।" এরপর মুস্তাকুরকে জিজ্ঞাসাবাদ করেই এ অপহরণ রহস্য উদ্ঘাটন করে পুলিশ। ঝিনাইদহের পুলিশ সুপার মো. রেজাউল করিম সাংবাদিকদের বলেন, "পাওনা টাকা দেওয়ার কথা বলে লতিফকে ডেকে নেন মুস্তাকুর। মুস্তাকুরের দোকানে সন্ত্রাসীরা ওঁৎ পেতে ছিলো। দোকানের ভেতরই গলায় ফাঁস দিয়ে লতিফকে হত্যা করা হয়।" এ হত্যাকাণ্ডে সন্ত্রাসী সুখনালসহ কয়েকজ জড়িত ছিলো জানিয়ে পুলিশ সুপার বলেন, লাশটি তারা সুখনালের বাড়ির পেছনে পুঁতে রাখে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০০ ঘ.