ঠাকুরগাঁও, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সরকার সমর্থকরা জয়ী হয়েছে।
বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সমর্থক এবং বিরোধী দল বিএনপি-জামায়াত সমর্থকদের দুটি প্যানেল অংশ নেয়। সমিতির ১২টি পদের ১১টিতেই সরকার সমর্থকরা জয়ী হয়। বিরোধীরা পায় নির্বাহী সদস্যের একটি পদ।
সভাপতি পদে বিজয়ী হয়েছেন আব্দুর রাজ্জাক। সাধারণ সম্পাদক হয়েছেন এমএম সফিউজ্জামান চৌধুরী।
নির্বাচিত অন্যরা হলেন, সহসভাপতি- আব্দুস সালাম ও ফজলুল হক, সহসাধারণ সম্পাদক- মোখসেদুল আলম সরকার, কোষাধ্যক্ষ- আবু হোসেন মো. আলমগীর, সাংস্কৃতিক ও কমনরুম সম্পাদক- আনিসুর রহমান খান, গ্রন্থাগার সম্পাদক- জীতেন্দ্র চন্দ্র পাল এবং সদস্য- আব্দুল করিম, রেজাউল করিম, জাকির হোসেন তালুকদার ও মহসীন আলী।
নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নজমুল হুদা বাবুল জানান, মোট ১১৮ জন ভোটারের মধ্যে ১১৪ জন ভোট দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১২ ঘ.
bdnews24