২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকার বিদেশ যাওয়ার অনুমতির আদেশ স্থগিত

সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিদেশ যেতে বাধা না দেওয়ার যে আদেশ হাইকোর্ট দিয়েছিলো, তাতে স্থগিতাদেশ এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2010, 12:01 PM

Updated : 24 Aug 2022, 08:17 PM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিদেশ যেতে বাধা না দেওয়ার যে আদেশ হাইকোর্ট দিয়েছিলো, তাতে স্থগিতাদেশ এসেছে। সরকারের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বৃহস্পতিবার হাইকোর্টের আদেশ এক সপ্তাহের জন্য স্থগিত করেন। সরকার পক্ষ বলছে, একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধ তদন্তের এ পর্যায়ে বিএনপির এ সংসদ সদস্যের বিদেশ যাওয়ার অনুমতি বহাল থাকলে তদন্ত ব্যাহত হওয়ার পাশাপাশি সালাউদ্দিন কাদের বিদেশ গিয়ে আর নাও ফিরতে পারেন। সালাউদ্দিন কাদেরের এক আবেদনে হাইকোর্ট গত ২৪ নভেম্বর এক আদেশে তার বিদেশ যাত্রায় পরবর্তী দুই মাস কোনো ধরনের বাধা না দিতে সরকারের প্রতি আদেশ দেয়। এরপর গত ১৮ জানুয়ারি সে আদেশের মেয়াদ আরো তিন মাসের জন্য বাড়ানো হয়। সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতে বলেন, চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি তিনি পেয়েছিলেন। তিনি বিদেশ গিয়ে এসেছেন। আর এ ধরনের আদেশ বর্ধিত করার নিয়ম নেই। তিনি বলেন, একাত্তরের মানবতার বিরুদ্ধে অপরাধীদের বিচারে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সালাউদ্দিন কাদেরও একজন সন্দিগ্ধ। এ বিষয়ে তদন্ত চলছে। তিনি বিদেশ গেলে তদন্ত ব্যাহত হতে পারে। আর বিদেশ যাওয়ার পর তিনি আর না-ও ফিরতে পারেন। আদালতে সালাউদ্দিনের পক্ষে তার আইনজীবী শাহ মনজুরুল হক জানান, আদালতের তার মক্কেল চিকিৎসার জন্য বিদেশ গিয়েছিলেন। ফেরার পর বিদেশ যেতে আর চেষ্টা চালাননি। চট্টগ্রাম থেকে নির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন কাদের একাত্তরে যুদ্ধাপরাধে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম কিছুদিন আগেও বলেছিলেন। তবে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫৫ ঘ.