২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৫, অবরোধ-ভাংচুর

দেশের বিভিন্ন স্থানে বুধবার সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2010, 03:43 PM

Updated : 24 Aug 2022, 08:15 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে বুধবার সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে দুর্ঘটনায় একজনের মৃত্যুতে স্থানীয়রা সড়ক অবরোধ করলে ঢাকা-সিলেট সড়কে গাড়ি চলাচল এক ঘণ্টা বন্ধ থাকে। গোপালগঞ্জে অন্য এক দুর্ঘটনার পর তিনটি গাড়ি ভাংচুর করে স্থানীয়রা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর হবিগঞ্জ প্রতিনিধি জানান, সকালে বাহুবল উপজেলার ডুবাই এলাকায় ঢাকা-সিলেট সড়কে ট্রাকচাপায় নিহত হন পথচারী রহিমা বেগম (৩০)। মহাসড়ক পুলিশের শায়েস্তাগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাসুক মিয়া সাংবাদিকদের জানান, বেলা ১১টার ওই দুর্ঘটনার পর স্থানীয়রা ডুবাই বাজারে সড়ক অবরোধ করে। এতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি আটক করে জনতাকে 'বুঝিয়ে-শুনিয়ে' রাস্তা থেকে তুললে ১২টার দিকে সড়কে গাড়ি চলাচল আবার শুরু হয় বলে মাসুক জানান। রহিমার বাড়ি বাহুবল উপজেলার সাতকপান ইউনিয়নের মহিষকদম গ্রামে। গোপালগঞ্জ প্রতিনিধি জানান, টুঙ্গীপাড়ায় সড়ক দুর্ঘটনায় চন্দন বিশ্বাস (৮) নামে এক প্রতিবন্ধী শিশু নিহত ও কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। টুঙ্গীপাড়া থানার ওসি মো. ছয়রুদ্দিন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১১টার দিকে টুঙ্গীপাড়ার জোয়ারিয়া এলাকায় যাত্রীবাহী একটি নসিমন থেকে চন্দন ছিটকে চাকার নিচে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই সময় নসিমন থেকে ছিটকে পড়ে আরো পাঁচজন আহত হন বলে পুলিশ জানায়। চন্দনের বাড়ি রাখিলাবাড়ি গ্রামে, সে বাবা নিরঞ্জন বিশ্বাসের সঙ্গে টুঙ্গীপাড়া যাচ্ছিলো। ওসি জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দুর্ঘটনা কবলিত নসিমনটি পুড়িয়ে দেয় এবং ভাংচুর করে আরো দুটি নসিমন। এরপর থেকে ওই সড়কে নসিমন চলাচল বন্ধ হয়ে যায় বলে পুলিশ জানায়। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, পৌর এলাকায় দ্বারিয়াপুর মহল্লায় ট্রাকচাপায় নিশাত (৯) নামের এক শিশু নিহত হয়েছে। বেলা ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার উপপরিদর্শক (এসআই) দীপক কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি বলেন, রাস্তা পার হওয়ার সময় ট্রাকের নিচে চাপা পড়ে নিশাত। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিশাত দ্বারিয়াপুর এলাকায় নজরুল ইসলামের ছেলে। ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, বালিয়াডাঙ্গী-নেকমরদ সড়কে বাসের ধাক্কায় নিহত হন মোটর সাইকেল আরোহী শাহাজাদ হোসেন (৩৮)। তার বাড়ি বালিয়াডাঙ্গী চৌরাস্তা এলাকায়। বালিয়াডাঙ্গী থানার ওসি জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাঠ ব্যবসায়ী শাহজাদ মোটর সাইকেলে চড়ে বালিয়াডাঙ্গী থেকে নেকমরদে যাচ্ছিলেন। পথে চেয়ারম্যান স'মিলের সামনে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মোটর সাইকেল উল্টে শাহজাদ ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় শাহাজাদের সঙ্গী লাল মিঞা (৩৫) আহত হন। তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তবে বাসটি আটক করতে পারেনি পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, নাসিরনগর উপজেলার কুলিকুণ্ডা এলাকায় দুটি যাত্রীবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে তৌহিদ মিয়া (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হন। নাসিরনগর থানার ওসি গোলাম ফারুক সাংবাদিকদের বলেন, বিকালে ধরন্তী সেতুর কাছে দুটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হলে তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালেই মারা যায় তৌহিদ। তৌহিদের বাড়ি নাসিরনগরের বুড়িস্বর গ্রামে। তিনি হাঁসের ব্যবসা করতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৩৮ ঘ.