২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে আগুনে পুড়েছে ৩৩টি ঘর

ঢাকার সাভারে আগুনে ৩৩টি ঘর পুড়েছে, তবে মঙ্গলবার দুপুরের এ অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2010, 01:09 PM

Updated : 24 Aug 2022, 08:13 PM

সাভার, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে আগুনে ৩৩টি ঘর পুড়েছে, তবে মঙ্গলবার দুপুরের এ অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। বৈদ্যুতিক শর্ট সাকির্ট থেকে আগুনের সূত্রপাত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দমকল বাহিনীর ডিইপিজেড স্টেশনের কর্মকর্তা অপূর্ব বল। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় আব্দুস সবুরের বাড়িতে প্রথম আগুন লাগে, মুহূর্তেই তা আশেপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত আলী আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার ২০টি ঘর আগুনে পুড়েছে। আগুনে পুড়ে যাওয়া অন্য ঘরগুলোর মধ্যে ১২টি আব্দুস সবুরের এবং একটি শমসের আলীর। এ সব ঘরে পোশাক কারখানার শ্রমিকরা ভাড়া থাকতো। আগুন লাগার সময় তাদের অধিকাংশই ছিলো কর্মস্থলে। আশুলিয়া এলাকায় অনেকগুলো পোশাক কারখানা রয়েছে। ইউসুফ খান নামে এক ভাড়াটে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার সব শেষ হয়ে গেছে। একটি জিনিসও বের করতে পারিনি। আমি এখন নিঃস্ব।" অগ্নিকাণ্ডে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশও সেখানে যায়। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে লোকজন বাড়িঘর ছেড়ে যায় বলে কেউ হতাহত হয়নি। অতিরিক্ত পুলিশ থাকায় কোনো ধরনের লুটপাটও হয়নি বলে জানান তিনি । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৯০৫ ঘ.