বগুড়া, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একটি হত্যা মামলায় স্বামী-স্ত্রী দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বগুড়ার একটি আদালত।
একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহা এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- বাচ্চু মিয়া (৪০) ও তার স্ত্রী মাবিয়া (২৭)।
রাষ্ট্রপক্ষের আইনজীবি আহসান হাবিব সরকার সাংবাদিকদের জানান, মামলার বাকি তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৪ সালের ২২ মে ভোরে শহরের উত্তর চেলোপাড়ার বাদুরতলা এলাকার জনসন আলীর ছেলে বেল্লালকে (২২) চোর সন্দেহে মারধর ও ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ওইদিনই বেল্লালের স্ত্রী নার্গিস বেগম বাদি হয়ে পাঁচজনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন।
ওই বছরের ১৫ আগস্ট অভিযোগপত্র দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/এমএসবি/১৬৪৯ ঘ.
bdnews24