২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তম সংশোধনীও বাতিল চায় সরকার

পঞ্চম সংশোধনীর পর সংবিধানের সপ্তম সংশোধনী বাতিলের পক্ষেও অবস্থান নিয়েছে সরকার। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2010, 08:39 AM

Updated : 24 Aug 2022, 08:12 PM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চম সংশোধনীর পর সংবিধানের সপ্তম সংশোধনী বাতিলের পক্ষেও অবস্থান নিয়েছে সরকার। একটি রিট আবেদনে সোমবার হাইকোর্ট সামরিক আইন প্রশাসক হিসেবে এইচএম এরশাদের ক্ষমতা গ্রহণ এবং ১৯৮২ থেকে '৮৬ সাল পর্যন্ত সব সামরিক আইন, আদেশ, নির্দেশকে বৈধতাদানকারী সংবিধানের সপ্তম সংশোধনী কেন অবৈধ হবে না, তা জানতে চেয়েছে। এর শুনানিতে সরকারপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান বলেন, "এরশাদের সামরিক আইন আরোপ করা, ক্ষমতা গ্রহণ, সামরিক শাসন জারি ও এর অধীনে সমস্ত কার্যক্রম অবৈধ, কারণ সংবিধান সামরিক আইন জারির অনুমোদন দেয় না। সংবিধান অমান্য করে এরশাদের ক্ষমতা দখল অবৈধ।" এর আগে সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের বিষয়ে সরকার আদালতে আপত্তি জানায়নি। পঞ্চম সংশোধনী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সময় হলেও সপ্তম সংশোধনী হয় বর্তমান ক্ষমতাসীন মহাজোট শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের আমলে। মন্ত্রিসভায় জাতীয় পার্টির একজন সদস্যও রয়েছেন, যিনি হলেন এরশাদের ভাই জিএম কাদের। হাইকোর্ট তার আদেশের জবাব দেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, সুপ্রিম কোর্টের নিবন্ধক, কারামহাপরিদর্শক ও চট্টগ্রামের জেলা প্রশাসককে চার সপ্তাহ সময় দিয়েছে। সামরিক আদালতে সাজাপ্রাপ্ত চট্টগ্রামের বাসিন্দা সিদ্দিক আহমেদের একটি রিট আবেদনে বিচারপতি মো. মমতাজ উদ্দিন এবং বিচারপতি নাঈমা হায়দারের বেঞ্চ সোমবার এ আদেশ দেয়। আদালত একই সঙ্গে রিট আবেদনকারী সামরিক আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সিদ্দিককে ছয় মাসের জামিন দিয়েছে। তার বিরুদ্ধে করা হত্যা মামলাটি কেন পুনরায় বিচার করতে নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়েছে আদালত। রিট আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার হাসান এস আজিম শুনানিতে বলেন, সামরিক শাসন জারির মাধ্যমে এরশাদ সংবিধান স্থগিত করেন, কিন্তু তার সংবিধান স্থগিত করার কোনো ক্ষমতা নেই। তাছাড়া ১৯৮২ সালের সামরিক শাসন জারি সংবিধানের মৌলিক স্তম্ভের পরিপন্থী। তিনি বলেন, "১৯৮২ সালে সামরিক শাসন জারির পর ১৯৮৬ সাল পর্যন্ত জারি করা সমস্ত সামরিক ফরমান ও আদেশও অবৈধ। এসবের বৈধতা দেওয়া সংবিধানের সপ্তম সংশোধনীও অবৈধ। তাছাড়া সামরিক ফরমানের ক্ষমতাবলে সামরিক আদালত প্রতিষ্ঠা করাও অবৈধ। তাই ওই আদালতে সিদ্দিকুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার রায়ও অবৈধ।" সরকারপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরো বলেন, ইতিপূর্বে হাইকোর্ট সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে খন্দকার মোশতাক আহমেদ, বিচারপতি আবু সাদাত মো. সায়েম ও জেনারেল জিয়াউর রহমানের সামরিক আইনের বলে ক্ষমতা গ্রহণকে অবৈধ ঘোষণা করেন। ১৯৮৪ সালের ১২ নভেম্বর চট্টগ্রামের মশলা ব্যবসায়ী আবু তাহের খুন হয়। এ ঘটনায় ওই বছরের ২৪ ডিসেম্বর চট্টগ্রামের কোতয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন ওই থানার পুলিশ পরিদর্শক আতাউর রহমান। এ মামলায় চট্টগ্রামের ৩ নম্বর সামরিক আদালত ১৯৮৬ সালের ২০ মার্চ সিদ্দিক আহমেদ, নূর মোহাম্মদ ও নুরুল আনোয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ওই বছরেই ১৯ জুলাই প্রধান সামরিক আইন প্রশাসক এরশাদ ওই রায় বহাল রাখে। রায়ের সময় সিদ্দিক আহমেদ পলাতক ছিলেন। ২০০৬ সালের ২ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম কারাগারে বন্দি রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৭৪০ ঘ.