ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পানি বাড়ার কারণে বাঁধ ভেঙে শনিবার সুনামগঞ্জের পাঁচটি উপজেলায় ২৫ হাজার হেক্টরের বেশি জমির বোরো ফসল তলিয়ে গেছে।
উজান থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে কুড়িগ্রামের চারটি উপজেলার অন্তত ৬০০ একর জমির বোরো ফসল।
গত দুই দিনে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদী ও ব্রহ্মপুত্র নদের পানি হঠাৎ বেড়ে যাওয়ায় গাইবান্ধার চরাঞ্চলের প্রায় এক হাজার একর জমির ফসল তলিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সুনামগঞ্জ প্রতিনিধি জানান, ভোর থেকে দুপুর ২টা পর্যন্ত সময়ে জেলার দেখার হাওর, বালিজুড়ি হাওর, নলুয়ার হাওর, গানিয়াকুড়ি, সন্যাসী, মাটিয়াডুবি ও দনিয়াকুড়ি হাওরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যায়।
দক্ষিণসুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরমুচ আলী জানান, প্রবল বর্ষণে দেখার হাওড়ের পানি বেড়ে যাওয়ায় সকালে দু'টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে দুই শ' হেক্টর জমি প্লাবিত হয়।
সকাল ১০টায় ধর্মপাশা উপজেলার বালিজুড়ি হাওরের বেড়িবাঁধ ভেঙে ১০০ হেক্টর এবং বংশী কুণ্ডা ইউনিয়নের জয়পুর ফসলরক্ষা বাঁধ ভেঙে ৫০ হেক্টর বোরো জমির ফসল তলিয়ে যায়।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবুল মিয়া বলেন, "হাওর এলাকার ফসল রক্ষায় আমরা ব্যবস্থা নিচ্ছি।"
সকাল ১০টার দিকে দিরাই ও জগন্নাথপুর উপজেলায় অবস্থিত নলুয়ার হাওর এলাকার ফসলরক্ষা বাঁধ ভেঙে প্রায় ২৫ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে বলে জানান দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সুফি মিয়া।
এছাড়া তাহিরপুর উপজেলার উত্তরশ্রীপুর ইউনিয়নের গানিয়াকুড়ি, সন্যাসী, মাটিয়াডুবি ও দনিয়াকুড়ি হাওরের প্রায় ১০০ হেক্টর জমির ফসল প্লাবিত হয়েছে।
একই উপজেলার মাটিয়ান ও শনির হাওরের ফসলরক্ষা বাঁধ হুমকির মুখে রয়েছে বলে জানিয়েছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়াম্যান আনিসুল ইসলাম বলেন, "উপজেলার হাওর এলাকার ফসলি জমি ঝুঁকির মধ্যে থাকলেও পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয় কৃষকদের নিয়েই আমরা বাঁধ রক্ষার চেষ্টা করছি।"
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আব্দুল হেকিম বলেন, "জেলার নলুয়ার হাওরসহ বেশ কয়েকটি হাওর ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে। অন্যগুলোর অবস্থাও ভাল নয়।"
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, ব্রক্ষ্মপূত্র, ধরলা ও দুধকুমোরসহ কয়েকটি নদ-নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজীবপুর উপজেলার অন্তত ৬০০ একর জমির বোরো ফসল তলিয়ে গেছে।
রাজিবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, নদীর চরগুলোতে পানি কমার পরপরই কৃষকরা যে বোরো আবাদ করে স্থানীয়ভাবে তাকে 'চান্স' (সুযোগ বুঝে) বোরো আবাদ বলা হয়। এ ফসলের ভাগ্য পুরোপুরি প্রকৃতির উপর নির্ভরশীল। হঠাৎ উজান থেকে নেমে আসা পানির ঢলে এসব আধাপাকা বোরো ক্ষেত তলিয়ে গেছে।
উলিপুরের সাহেবের আলগা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামাল, বেগমগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাবলু মিয়া ও চিলমারীর নয়ারহাট ইউনিয়নের চেয়ারম্যান নওশাদ আলী জানান, তাদের ইউনিয়নের কয়েকটি চর ছাড়াও আরো কয়েকটি চরের প্রায় ৪০০ একর জমির ফসল তলিয়ে গেছে।
কৃষক গোলাম মোস্তফা (৪৮) জানান, নয়ারহাট ইউনিয়নের নালিতার খাতা ও মাইজবাড়ী চরে তার প্রায় সাত বিঘা বোরো ক্ষেত তলিয়ে গেছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রেজাউল মোস্তফা আসাফুদ্দৌলা রেজা বলেন, ভারতে বৃষ্টি হওয়ায় কুড়িগ্রামের নদনদীতে গত তিনদিনে কিছুটা পানি বেড়েছে। এ কারণে নিুাঞ্চল প্লাবিত হয়েছে।
ধরলায় গত ২৪ ঘণ্টায় ৪ সেন্টিমিটার পানি বেড়েছে বলে তিনি জানান।
গাইবান্ধা প্রতিনিধি জানান, সদর উপজেলার মোল্লারচর এবং ফুলছড়ি উপজেলার গলনা, বাজে ফুলছড়ি, কামারপাড়া, ভাজনডাঙ্গা, উড়িয়া, রতনপুর চরাঞ্চলের প্রায় এক হাজার একর জমির বোরো ধানসহ রবিশস্য তলিয়ে গেছে।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত দু'দিনে যমুনা নদী ও ব্রহ্মপুত্র নদের পানি ২-৩ ফুট বেড়েছে। এতে নদীর পানি শুকানোর পর পাড়ে আবাদ করা ফসল তলিয়ে গেছে।
ফুলছড়ি উপজেলার নীলকুঠি গ্রামের কৃষক বরুণ চন্দ্র দাস জানায়, তার তিন বিঘা জমির বোরো ধান তলিয়ে গেছে। বাধ্য হয়ে ধান কেটে এনে গরুকে খাওয়াচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৩৭ ঘ.
bdnews24