পঞ্চগড়, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্থিক খাত নিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে শুরু হওয়া আটদিনের রোড শো শুক্রবার বিকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আলোচনা ও উৎসবের মধ্য দিয়ে শেষ হয়েছে।
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাতে অর্থায়ন, কৃষিখাতে বিনিয়োগ বিষয়ে সচেতনতা বাড়ানো, অর্থ পাচার প্রতিরোধ ও ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় বিদেশ থেকে দেশে পাঠানোকে উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক 'উন্নয়নের যাত্রা: টেকনাফ থেকে তেঁতুলিয়া' শীর্ষক এই রোড শো'র আয়োজন করে।
গত শুক্রবার টেকনাফ থেকে এর যাত্রা শুরু হয়।
তেঁতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ব্র্যাক ব্যাংক সমাপনী উৎসবের আয়োজন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পঞ্চগড় প্রতিনিধি জানান, ঠাকুরগাঁও থেকে পঞ্চাশটিরও বেশি গাড়ি এবং প্রায় দুইশ' মোটরসাইকেলের বহর নিয়ে রোড শো সকাল পৌনে ১১টায় পঞ্চগড়ে পৌঁছে।
এ সময় জেলা প্রশাসক বনমালী ভৌমিকের নেতৃত্বে আর্থিক খাতে সংশ্লিষ্টরা ছাড়াও স্কুল-কলেজের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ লোকজন রাস্তার দুইপাশে দাঁড়িয়ে করতালি দিয়ে রোড শো'র গাড়ি বহরকে স্বাগত জানায়।
পরে রোড শো'তে অংশগ্রহণকারীরা চৌরঙ্গী মোড় থেকে শোভাযাত্রা করে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে যান। এখানে আলোচনা সভা হয়।
সাড়ে ৩টার দিকে গাড়িবহর তেঁতুলিয়ার উদ্দেশে রওনা হয়। বিকাল সাড়ে ৪টায় তেঁতুলিয়া এসে পৌঁছে। তেঁতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে সমাপনী উৎসব হয়।
এখানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী রোড শো'র সমাপনী ঘোষণা করেন।
এর আগে আলোচনা সভা হয়।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মোহাইমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ মাজহারুল হক প্রধান।
এতে আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী, জেলা প্রশাসক বনমালী ভৌমিক, তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান মোক্তারুল হক প্রমুখ।
আলোচনা সভায় জিয়াউল হাসান সিদ্দিকী বলেন, "২০০৯ সালে আর্থিক বিপদ উপলব্ধি করে রোড শো'র আয়োজন করা হয়েছে। এটা সাধারণ মানুষের সঙ্গে ব্যাংক কর্মকর্তাদের সম্পর্কের উন্নয়ন ঘটাবে।"
এখন থেকে মানুষ ব্যাংকে আসবে না ব্যাংকই মানুষের দ্বারে দ্বারে যাবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/এমএসবি/২১৩৬ ঘ.
bdnews24