২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমআরপি: প্রথম দিনে ঢাকায় আবেদন ২০টি

ঢাকার পাসপোর্ট অফিসে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের (এমআরপি) আবেদন নেওয়া শুরু হয়েছে। প্রথম দিন মোট ২০টি আবেদন জমা পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2010, 06:26 AM

Updated : 24 Aug 2022, 08:05 PM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার পাসপোর্ট অফিসে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের (এমআরপি) আবেদন নেওয়া শুরু হয়েছে। প্রথম দিন মোট ২০টি আবেদন জমা পড়ে। বৃহস্পতিবার থেকে আবেদন নেওয়া শুরু হলেও মে মাস থেকে আধুনিক ওই পাসপোর্ট দেওয়া শুরু হবে। পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তরের পরিচালক পারভীন বানু বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকায় এমআরপির আবেদন নেওয়া আজ থেকে শুরু হয়েছে। এ মাসের ১৮ থেকে ২০ তারিখের মধ্যে অন্য নয়টি আঞ্চলিক অফিসেও আবেদন জমা নেওয়া শুরু হবে।" এমআরপি /এমআরভি'র প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেফায়েত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সন্ধ্যায় জানান, প্রথম দিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ২০টি আবেদন জমা পড়েছে। এসব আবেদনকারীর ছবি তোলা ও আঙ্গুলের ছাপ নেওয়া হয়েছে। তিনি জানান, তাদের আবেদনে উল্লেখ করা বয়স এবং জাতীয় পরিচয়পত্র যাচাই বাছাই করা হবে। সেইসঙ্গে তাদের এই আবেদন পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হবে। এসবির প্রতিবেদন পাওয়ার পর আনুষঙ্গিক কাজ শেষে যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে পাসপোর্ট দেওয়া হবে। রেফায়েত উল্লাহ জানান, বৃহস্পতিবার এমআরপি সম্পর্কে জানতে অনেকেই এসেছিলেন। তাদের অধিকাংশই আবেদন পত্র নিয়ে গেছেন। সাধারণ মানুষের মধ্যে এনিয়ে অনেক উৎসাহ লক্ষ্য করা গেছে বলে দাবি প্রকল্প পরিচালকের। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) ২০১০ সালের এপ্রিলের মধ্যে মেশিনে পাঠযোগ্য পাসপোর্ট ও ভিসা চালু করতে সব দেশকে নির্দেশনা দেয়। নির্দেশনার পর বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর দেশে এমআরপি/এমআরভি চালুর প্রকল্প হাতে নেয়। এমআরপি এবং এমআরভি প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে মালয়েশিয়াভিত্তিক প্রতিষ্ঠান আইরিশ। তুরস্কের পাসপোর্ট প্রকল্পের কাজ সময় মতো শেষ করতে না পারায় ওই দেশ ২০১১ সালের অক্টোবর পর্যন্ত সব সরকারি কাজে অংশ নেওয়া থেকে আইরিশকে নিষিদ্ধ করে। বাংলাদেশে প্রতিষ্ঠানটিকে কাজ পাইয়ে দেওয়ার ব্যাপারে রাজনৈতিক হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগ রয়েছে। তবে এমআরপি এবং এমআরভি'র প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেফায়েত উল্লাহ বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, "যোগ্যতা এবং স্বচ্ছতার ভিত্তিতেই আইরিশকে কাজ দেওয়া হয়েছে।" "কাজ শেষ করতে যদি ব্যর্থ হই তা হলে যে কোনো শাস্তি মাথা পেতে নেবো," বলেন তিনি। আবেদন করার পর প্রয়োজনীয় কাজ শেষে মে মাসের প্রথম সপ্তাহে পাসপোর্ট দেওয়ার আশা প্রকাশ করেন রেফায়েত। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার জানান, এমআরপি হাতে আসার আগে কারো বিশেষ প্রয়োজনে এক বছর মেয়াদের হাতে লেখা পাসপোর্ট দেওয়া হবে। দেশে বর্তমানে পাসপোর্টধারীর সংখ্যা ১ কোটি ২০ লাখ। হাতে লেখা এ পাসপোর্ট ২০১৪ সালের আগেই এমআরপিতে রূপান্তর করে নিতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ /এমএইচসি/এমআই/এইচএ/১৯৩৩ ঘ.