খুলনা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিবসা নদীর জোয়ারের চাপে বেড়িবাঁধ ভেঙে বুধবার দাকোপ উপজেলার সুতারখালি ও কামারখোলা ইউনিয়নের ১৭টি গ্রাম প্লাবিত হয়েছে।
গ্রামগুলো হচ্ছে- সুতারখালি ইউনিয়নের মাঝিপাড়া, তালতলা, সুতারখালি, বাইনপাড়া, গুনারী, কেওড়াতলী, গাইনপাড়া, তেলিগুনা, গোলবুনিয়া, কাটাখালি, কালাবগী এবং কামারখোলা ইউনিয়নের ফকিরডাঙ্গা, ভিটেভাঙ্গা, সাহারাবাদ, সাহারাবাদ দক্ষিণপাড়া, জয়নগর ও শ্রীনগর।
সুতারখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধু নারায়ণ সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় তালতলা এলাকার ৩০০ গজ এবং কালাবগী গ্রামের দোয়ানী গেটের পাশে ১৫০ গজ বেড়িবাঁধ ভেঙে ১১টি গ্রাম প্লাবিত হয়।
এছাড়া একই সময়ে কামারখোলা ইউনিয়নের সাহারাবাদে ২৭০ গজ বেড়িবাঁধ ভেঙে ছয়টি গ্রাম প্লাবিত হয়।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী পরিচালক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জোয়ারের পানি বেড়ে যাওয়ায় বেড়িবাঁধ ভেঙে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/০০০০ ঘ.
bdnews24