২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজাহিদের সভা ঘিরে বগুড়ায় উত্তেজনা

জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মো. মুজাহিদের সভাকে কেন্দ্র করে বগুড়ায় উত্তেজনা দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2010, 02:32 PM

Updated : 24 Aug 2022, 08:02 PM

বগুড়া, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মো. মুজাহিদের সভাকে কেন্দ্র করে বগুড়ায় উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় জামায়াতে ইসলামী ও সেক্টর কমান্ডার্স ফোরাম দুই পক্ষই শহরের টিটু মিলনায়তনে সভা ডেকেছে। পরিস্থিতির অবনতি ঠেকাতে সেখানে কাউকে সভা করতে দেওয়া হবে না বলে সদর থানার ওসি খালেকুজ্জামান সাংবাদিকদের বলেন। স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াত এবং একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের দাবিতে গড়ে ওঠা সংগঠন সেক্টর কমান্ডার্স ফোরাম উভয় পক্ষই বলছে, তারা সভার জন্য প্রশাসনের অনুমতি নিয়েছেন। বগুড়া জামায়াতের আমির মো. শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বগুড়ায় আঞ্চলিক ওয়ার্ড জামায়াতের সভাপতি সম্মেলন অনুষ্ঠানের জন্য টিটু মিলনায়তন ভাড়া নিয়ে পুলিশ সুপার ও জেলা প্রশাসনকে জানানো হয়।" সভায় দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ উপস্থিত থাকবেন তিনি জানান। অন্যদিকে সেক্টর কমান্ডার্স ফোরামের বগুড়া জেলা আহ্বায়ক মাসুদার রহমান হেলাল বলেন, "যুদ্ধাপরাধী মুজাহিদকে গ্রেপ্তারের দাবিতে টিটু মিলনায়তনের বাইরে আমরা সমাবেশ ডেকেছি। এ বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে।" ওসি বলেন, "দুই পক্ষের সভায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে সেখানে কাউকেই সমাবেশ করতে দেওয়া হবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০২৩ ঘ.