২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশে চাকরির নামে প্রতারণা: নেত্রকোনায় গ্রেপ্তার ৩

বিদেশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নেত্রকোনা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2010, 10:02 AM

Updated : 24 Aug 2022, 08:03 PM

নেত্রকোনা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নেত্রকোনা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার খিলক্ষেত এলাকার মো. শহীদুল ইসলাম (২৮), গাজীপুরের স্বপন (২৫) ও নেত্রকোনার মোহনগঞ্জ পাবলিক হাই স্কুলের শিক্ষক মামুন আল ফরিদ (২৬)। মঙ্গলবার রাতে মোহনগঞ্জের শাপলা গেস্ট হাউজ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নেত্রকোনার পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানিয়েছেন। বুধবার তাদের সাংবাদিকদের সামনে আনা হয়। শহীদ, স্বপন ও ফরিদের বিরুদ্ধে অভিযোগ, তারা সিঙ্গাপুরে পাঠানোর কথা বলে মোহনগঞ্জের ১৫ জন বেকার যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। এ অভিযোগে বানিহারি গ্রামের 'প্রতারিত' উজ্জলের বড় ভাই জুয়েল খান বাদি হয়ে থানায় একটি মামলাও করেছেন। মামলায় অভিযোগ করা হয়, মাথাপিছু তিন লাখ টাকার চুক্তিতে ১৫ যুবককে সিঙ্গাপুর পাঠানোর প্রতিশ্র"তি দেয় ওই তিনজন। দুই সপ্তাহ আগে ঢাকার একটি ক্লিনিকে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ওই পরীক্ষার ফি বাবদ বুধবার প্রত্যেক যুবকের কাছ থেকে সাড়ে ৬ হাজার টাকা করে নেওয়া হয়। শাপলা গেস্ট টাকা নেওয়ার সময়ই পুলিশ তাদের গ্রেপ্তার করে। শহীদুল ইসলামের কাছে বেশ কিছু ভুয়া কাগজপত্রও পাওয়া যায় বলে পুলিশ জানায়। পুলিশ সুপার নাজমুল বলেন, বেকারত্বের সুযোগ নিয়ে প্রতারক চক্র সাধারণ যুবকদের সর্বশান্ত করে উধাও হয়ে যায়। গ্রেপ্তার তিনজনের সঙ্গে আরো কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৫ ঘ.