২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে ঘূর্ণিঝড়, ব্যাপক ক্ষয়ক্ষতি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সোমবার গভীর রাতে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2010, 05:12 PM

Updated : 24 Aug 2022, 08:00 PM

মৌলভীবাজার, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সোমবার গভীর রাতে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাত সোয়া ১টা থেকে ১৫ মিনিটের এই ঝড়ে উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় ছয় হাজার কাঁচা-পাকা ঘর আংশিক ও সম্পূর্ণ বিধ্বস্ত হয়। লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া ট্রেন লাইনে গাছপালা পড়ে সকাল ৮টা পর্যন্ত প্রায় সাড়ে ছয়ঘণ্টা সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। ৩৩ কেভি সঞ্চালন লাইনে গাছ পড়ে দুইটি খুঁটি ভেঙে যাওয়ায় রাত থেকে কমলগঞ্জ ও বড়লেখা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ঘর ও গাছ চাপায় অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। আহতদের মধ্যে রহিমপুর ইউনিয়নের মৃতিঙ্গা চা বাগানের রমেশ গোয়ালাকে (২৮) মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া যোদ্ধাপুর গ্রামের আনোয়ার মিয়া (১৫), মথুরাপুর গ্রামের রহমত আলী (২৮), জাঙ্গালিয়া গ্রামের বাছিদ আলী (১৫), যুগিবিল গ্রামের আব্দুল বাছিত (৩৮), সিংরাউলি গ্রামের মোহন মিয়া (৪৫) ও পৌর এলাকার সুরুজ মিয়াকে (৫০) কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। আরো অনেক আহতকে মানুষকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কাইউম। কমলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্ষয়ক্ষতির পুরোপরি তথ্য এখনো পাওয়া যায়নি। এ পর্যন্ত নয়টি ইউনিয়নে কাঁচা ও পাকা বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে চার হাজারের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার জন্য জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে নগদ এক লাখ টাকা ও পাঁচ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। পাওয়ার সঙ্গে সঙ্গে তা এলাকায় ইউপি চেয়াম্যানদের মাধ্যমে বিতরণ করা হবে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো- রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা, বনবিষ্ণুপুর, দেবীপুর, ধর্মপুর, রামচন্দ্রপুর, লক্ষ্মীপুর, দেওড়াছড়া ও মৃতিঙ্গা চা বাগান শ্রমিক কলোনি। কমলগঞ্জ সদর ইইউনিয়নের কান্দিগাঁও ও গণ্ডামারা। আলীনগর ইউনিয়নের রাজকান্দি, চিতলিয়া, যোগীবিল, জাঙ্গালিয়া, কামুদপুর, শ্রীনাথপুর ও চা বাগানের শ্রমিক কলোনি। পতনউষার ইউনিয়নের ধোপাটিলা। মুন্সীবাজার ইউনিয়নের বাসুদেবপুর ও মইদাইল এবং মাধবপুর ইউনিয়নের ধলাইপাড়, বাসানীগাঁও, পুরানবাড়ি ও পাত্রকলা চা বাগনের শ্রমিক কলোনি। কমলগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আনোয়ার হোসেন জানান, পৌরসভা এলাকার নয়টি ওয়ার্ডে তিনশ' ঘর সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক শামসুল ইসলাম আখন্দ রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝড়ের পর পুরো মৌলভীবাজার জেলায় বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। মৌলভীবাজার সদর ছাড়া নয়টি ইউনিয়ন এবং বড়লেখা ও কমলগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর গাছ পড়ে ৩৩ কেভি বৈদ্যুতিক সঞ্চালন লাইনের দুটি খুঁটি ভেঙে পড়েছে। একই লাইনের কমলগঞ্জ উপজেলা সদরে তিনটি বৈদ্যুতিক টাওয়ার ও ছয়টি খুঁটি ভেঙেছে। বিদ্যুৎ সরবরাহ চালু করার কাজ চলছে। কখন থেকে আবার বিদ্যুৎ সরবরাহ করা যাবে তা তিনি জানাতে পারেননি। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুল আজিজ বলেন, রাত দেড়টা থেকে সকাল ৮টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। এ সময় চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ভানুগাছ, সিলেটগামী আন্তনগর উদয়ন ও উপবন এক্সপ্রেস শ্রীমঙ্গল ও একই গন্তব্যের সুরমা মেইল শায়েস্তাগঞ্জ স্টেশনে আটকা পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৫ ঘ.