২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় কার্যালয় পেলো পার্বত্য ভূমি কমিশন

গঠনের ১০ মাস পর পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনকে ঢাকায় একটি কার্যালয় দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2010, 12:06 PM

Updated : 24 Aug 2022, 08:01 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গঠনের ১০ মাস পর পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনকে ঢাকায় একটি কার্যালয় দেওয়া হয়েছে। কারওয়ান বাজারের বহুল আলোচিত জনতা টাওয়ারের পঞ্চম তলায় কমিশনের জন্য এ অফিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে এখনো বরাদ্দপত্র জারি করা হয়নি। তবে বরাদ্দপত্রটি জারির প্রক্রিয়া চলছে বলে মঙ্গলবার জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোফাখখারুল ইকবাল এবং আবাসন পরিদপ্তরের পরিচালক (উপসচিব) শাওলী সুমন। ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়ার বিষয়ে জেনেছি। তবে দু'একদিনের মধ্যেই বরাদ্দ পাওয়া যেতে পারে। "কমিশন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবে; তাই কমিশনের সমন্বয়ের জন্য একটি অফিসের প্রয়োজন ছিল, সেটির বরাদ্দ পাওয়া গেল। ফলে কমিশনের কাজের সুবিধা হবে", বলেন বিচারপতি খাদেমুল জানান। পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় কার্যালয়ের বিষয়ে তিনি বলেন, খাগড়াছড়িতে কমিশনের মূল কার্যালয় দেওয়া হয়েছে। সেখানে অফিসের সাজ-সজ্জার কাজ চলছে। অচিরেই সেখানে কাজ শুরু হবে। রাঙামাটি ও বান্দরবানেও কমিশনের শাখা অফিস করা হবে। সেজন্যও জায়গা খোঁজার কাজ চলছে। সেটাও হয়তো শিগগিরই পাওয়া যাবে। মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মোফাখখারুল ইকবাল জানান, মন্ত্রণালয় ইতিমধ্যেই বরাদ্দ চূড়ান্ত করেছে। এ সংক্রান্ত আদেশ জারি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। সরকারি আবাসন পরিদপ্তর এ বরাদ্দপত্রটি জারি করবে। পাহাড়ি ও বাঙালিদের মধ্যে ভূমি বিরোধ নিরসনসহ সরকারি কাজের সুবিধার জন্য পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভূমি জরিপের কাজ দ্রুত শেষ করতে সরকার এ কমিশন গঠন করেছে। অবসরপ্রাপ্ত বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী গত বছরের ১৯ জুন কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হন। তিনি দায়িত্ব নেওয়ার পরই ভূমি জরিপ শুরু করার ঘোষণা দেন। তবে এখন পর্যন্ত এ কাজ শুরু করতে পারেননি তিনিও। কার্যালয় না থাকায় কমিশন এতদিন ঠিকমতো কাজও করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৮০০ ঘ.