ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির কাছে সরকারের যুদ্ধাপরাধীর তালিকা চাওয়া লোক দেখানো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
মঙ্গলবার আরমানিটোলায় নিজ বাসভবনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচারে সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন দেলোয়ার।
তিনি বলেন, ''প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচারে আমাদের কোনো আপত্তি নেই।"
"কিন্তু বিষয়টি নিয়ে সরকার ইচ্ছামতো তালিকা করে রাজনৈতিক হয়রানি করায় জনমনে এই বিচার নিয়ে প্রশ্ন উঠেছে," দাবি করে দেলোয়ার বলেন, "এজন্য ওই বিচারের সুষ্ঠ তদন্ত ও বিচার হবে কি না সংশয় রয়েছে।''
একাত্তরের যুদ্ধাপরাধীদের বিষয়ে ২৬ মার্চ বিএনপির কাছে তথ্য চান স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মঙ্গলবার দেলোয়ার বলেন, "সরকার কাদের যুদ্ধাপরাধী বলছে তা এখনো স্পষ্ট নয়।"
সরকার যুদ্ধাপরাধী বিচারের ব্যাপারে আন্তরিক নয় মন্তব্য করে তিনি বলেন, "তালিকায় কে থাকবে কে থাকবে না এসব বিষয়ে তাদের প্রচেষ্টা আন্তরিক নয়। ''
সরকার প্রকৃত যুদ্ধাপরাধীর বিচারে আন্তরিক হলে বিরোধী দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারত বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
চট্টগ্রামে সোমবার দলের বিভাগীয় সমাবেশ সফল করায় ওই বিভাগের তৃণমূল নেতা-কর্মী ও জনগণকে অভিনন্দন জানান দেলোয়ার।
আওয়ামী লীগের সন্ত্রাসীরা সমাবেশে যোগ দিতে আসা নেতা-কর্মীদের বিভিন্ন স্থানে বাধা দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি জানান, রাঙমাটির রানীর হাট, রাউজান, কাপ্তাই সড়ক অবরোধ করে সমাবেশে আসা গাড়িবহর বন্ধ করে রাখা হয়েছিলো।
দেলোয়ার সরকারের নির্বাচনী প্রতিশ্র"তি বাস্তবায়নের দাবি জানান প্রেস ব্রিফিংয়ে।
সরকারকে সফল করতে বিএনপি সহযোগিতা করতে চায় বলে জানান তিনি।
ব্রিফিংয়ে অন্যদের মধ্যে দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহিন, তাঁতী দলের সহসভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমইউএস/পিডি/১৭২৬ ঘ.
bdnews24