২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রদর্শনীতে বাধা পেয়ে হাইকোর্টে গেলো দৃক

ক্রসফায়ার নিয়ে প্রদর্শনীতে বাধা দেওয়ার বৈধতার প্রশ্নে হাইকোর্টে রিট আবেদন করেছে দৃক গ্যালারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2010, 09:14 AM

Updated : 24 Aug 2022, 08:01 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রসফায়ার নিয়ে প্রদর্শনীতে বাধা দেওয়ার বৈধতার প্রশ্নে হাইকোর্টে রিট আবেদন করেছে দৃক গ্যালারি। দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক আলোকচিত্র শিল্পী শহিদুল আলম মঙ্গলবার বিচারপতি মো. শহিদুল ইসলামের একক বেঞ্চে এ রিট আবেদন করেন। গত ২২ মার্চ ক্রসফায়ার নিয়ে ধানমণ্ডির দৃক গ্যালারিতে প্রদর্শনী শুরু হওয়ার আগেই তা বন্ধ করে দেয় পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়, এতে যথাযথ অনুমতি নেওয়া হয়নি। শহিদুল আলম প্রদর্শনীতে বাধা তুলে নিতে সরকারকে নির্দেশ দেওয়ার জন্য আদালতের আদেশ চেয়েছেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার সারা হোসেন। সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। মুরাদ রেজা আদালতে বলেন, এ ধরনের প্রদর্শনীতে সরকারের অনুমতির প্রয়োজন আছে কি না সে বিষয়টি খতিয়ে দেখে বুধবার আদালতকে জানাবেন তিনি। তার এ বক্তব্যের পর বুধবার পর্যন্ত রিট আবেদনটির শুনানি মুলতবি করা হয়। রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও ধানমণ্ডি থানার ওসিকে বিবাদি করা হয়েছে। আবেদনে বলা হয়, গত ২২ মার্চ প্রদর্শনী বন্ধ করে দেওয়ার পর দৃক গ্যালারির কর্মকর্তাদেরও সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এতে দৃক গ্যালারির স্বাভাবিক কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫১০ ঘ.