ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তোপখানা রোডের একটি আবাসিক হোটেলের উপর থেকে পড়ে সোমবার এক শিক্ষানবিশ চিকিৎসকের মৃত্যু হয়েছে।
নিহত রাশিদুল ইসলাম উজ্জ্বল (৩০) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ ছিলেন।
শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যা ৭টার দিকে হোটেল মেট্ট্রোপলিটন লিমিটেডের উপর থেকে পড়ে রাশিদুল মারা যান।"
তবে রাশিদুল এই হোটেলের বোর্ডার ছিলেন না। তাকে হোটেলের কেউ উপরে উঠতেও দেখেনি বলে হোটেলের কর্মচারীরা পুলিশকে জানান।
এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে বলেও পুলিশ কর্মকর্তা জানান।
নিহতের স্ত্রী ডা. শ্যামলী জানান, রাশিদুল সকালে খুলনা থেকে ঢাকায় আসার কথা ছিল। কিন্তু এই হোটেলে কখন ও কেন গেল তা তিনি জানেন না।
হোটেলের অভ্যর্থনাকারী মনসুর আলী সাংবাদিকদের বলেন, "সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হোটেলে সামনের রাস্তায় বিকট আওয়াজ ও লোকজনের কোলাহল শুনে তিনি লাশটি দেখতে পান। কিন্তু হোটেলের কেউ তাকে এর আগে দেখেনি।"
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসআইটি/ডিডি/০০৪৪ ঘ.
bdnews24