২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, নিহত ১

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর রেলস্টেশনের অদূরে সোমবার সকালে একটি যাত্রীবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে অজ্ঞাতনামা এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2010, 03:44 PM

Updated : 24 Aug 2022, 07:58 PM

বগুড়া, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর রেলস্টেশনের অদূরে সোমবার সকালে একটি যাত্রীবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে অজ্ঞাতনামা এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১০ জন। এ কারণে বোনারপাড়া-সান্তাহার রেলপথে সকাল ১০টা থেকে পাঁচঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল রেলওয়ের একজন কর্মকর্তা জানান। আহতদের মধ্যে তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিক্ষুব্ধ যাত্রীরা আলতাফনগর স্টেশন ঘেরাও করলে স্টেশনের মাস্টারসহ অন্য কর্মচারীরা পালিয়ে যান। পরে মোবাইল ফোনে স্টেশন মাস্টার আব্দুস সাত্তার খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ১০টায় ১ নম্বর লাইনে সেভেন আপ ট্রেনটি নেওয়ার জন্য 'পয়েন্ট ক্লিয়ার' করেছিলাম। কিন্তু এতে ত্র"টি থাকায় এই দুর্ঘটনা ঘটে।" তিনি জানান, ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি লাইনের পাশের একটি থামের সঙ্গে ধাক্কা খায়। এতে অজ্ঞাতনামা ওই যাত্রী মারা যান। সাত্তার খান জানান, বিষয়টি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে উদ্ধারকারী ট্রেন এসে বগি দুটি উদ্ধার করা হয়। পরে বিকাল সাড়ে ৩টা থেকে চলাচল স্বাভাবিক হয়। তিনি আরো জানান, এ দুর্ঘটনার ফলে লালমনিরহাটে থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস সান্তাহার স্টেশনে আটকা পড়ে। এ ছাড়া সান্তাহারগামী দোলনচাঁপা আন্তনগর ট্রেনটি বগুড়া থেকে ফিরে যায়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. কামরুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত তিন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। নিহত একজন অজ্ঞাতনামা যাত্রীকেও হাসপাতালে নিয়ে আসা হয় বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৪ ঘ.