চট্টগ্রাম, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদা দাবির প্রতিবাদে মালিক-শ্রমিকরা ধর্মঘট ডাকায় চট্টগ্রাম মহানগরীর সঙ্গে দক্ষিণ চট্টগ্রামসহ কক্সবাজারের বাস চলাচল রোববার সকাল থেকে বন্ধ রয়েছে।
তাদের অভিযোগের সুরাহা না হলে অনির্দিষ্টকাল এ ধর্মঘট চলবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-কক্স^াজার-টেকনাফ পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক ও আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা।
তার অভিযোগ, একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে কক্সবাজারের এক আওয়ামী লীগ নেতা চাঁদা দাবি করছেন।
ধর্মঘটের কারণে চট্টগ্রামের সঙ্গে দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের ১৯টি রুটে গাড়ি চলছে না। ফলে দুর্ভোগে পড়তে হয়েছে ওই সব এলাকার যাত্রীদের।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম-কক্সবাজার সড়কের বাংলাবাজার এলাকায় শাহ আমিন পরিবহনের একটি বাসের ধাক্কায় একটি শিশুর মৃত্যু হয়। স্থানীয় জনতা বাসচালক ও সহকারীকে আটক করে থানায় দেয়।
পরিবহন নেতা মোহাম্মদ মুছা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ঘটনার মীমাংসার কথা বলে কক্সবাজারের এক আওয়ামী লীগের নেতা আমিন পরিবহনের কাছে পাঁচ লাখ টাকা চেয়েছে। টাকা না দিলে বাস চলাচল করতে না দেওয়ারও হুমকি দেয়।
শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত রাস্তায় গাড়ি নামানো হবে না বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৪০০ ঘ.
bdnews24