জামালপুর, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুর জেলা শহরে শনিবার থেকে পাঁচদিনের কম্পিউটার মেলা শুরু হয়েছে। চলবে বুধবার পর্যন্ত।
'জেসিএ ডিজিটাল কম্পিউটার মেলা-২০১০' শীর্ষক এ মেলা আয়োজন করেছে জামালপুর জেলা কম্পিউটার অ্যাসোসিয়েশন (জেসিএ)।
দুপুর ১টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মেলার উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার।
উদ্বোধনী অনুষ্ঠানে মোস্তফা জব্বার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে দেশের সর্বত্র কম্পিউটারসহ আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।
এ জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতিকে মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান জানান তিনি।
জেলা কম্পিউটার অ্যাসোসিয়েশন (জেসিএ) সভাপতি শাহ্ জালালের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জামালপুর পৌরসভার মেয়র ওয়ারেছ আলী মামুন, সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক, শহরের ব্যবসায়ী মিজানুর রহমান চৌধুরী ও জেসিএ সেক্রেটারি শাহ্ নেওয়াজ ইসলাম জাহাঙ্গীর।
জেসিএ সভাপতি শাহ্ জালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেলায় মোট ১২টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২২৪ ঘ.
bdnews24