ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিকে ব্যস্ত রাখতেই স্বাধীনতার ঘোষক নিয়ে সরকার 'বিভ্রান্তি সৃষ্টির' অপপ্রয়াস চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
শনিবার সন্ধ্যায় এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেলোয়ার বলেন, ''স্বাধীনতার ঘোষক মেজর জিয়া- এ ব্যাপারে অনেক তথ্য-প্রমাণ রয়েছে। আওয়ামী লীগের রফিকুল ইসলাম বীরোত্তম, সুবিদ আলী ভূঁইয়াসহ অনেকের লেখায় তার প্রমাণ রয়েছে। জিয়া স্বাধীনতার ঘোষক- এটি একটি গাণিতিক সত্য, তা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই।''
তিনি দাবি করেন, শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ঘোষণা দেননি, তার প্রমাণ একাত্তর সালে এক সুধী সমাবেশে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছিলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এখনো শেখ মুজিব থেকে তিনি পাননি।'' এ প্রসঙ্গে প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের লেখা ডায়রির কথা উল্লেখ করেন বিএনপি মহাসচিব।
রাজধানীর গুলিস্তানে বসিরউদ্দিন মিলনায়ন (মহানগর নাট্যমঞ্চ)- এ বিএনপির উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
দেলোয়ার বলেন, স্বাধীনতার ঘোষক নিয়ে সরকার 'বিভ্রান্তি' সৃষ্টি করতে চায়। বিএনপিকে একটি বিষয়ে ব্যস্ত রাখতেই স্বাধীনতার ঘোষক নিয়ে বির্তক সৃষ্টির চেষ্টা চলছে। তাই এ নিয়ে বিএনপির সময়ক্ষেপণের প্রয়োজন নেই।
তিনি সরকারের কঠোর সমালোচনা করে বলেন,''এ সরকারের শাসনামলে মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। তারা আজ তাঁকিয়ে আছে আমাদের দিকে। তাই ঐক্যবদ্ধ হয়ে এ ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠনে কাজ করতে হবে।''
আলোচনা সভার প্রধান অতিথি দলের চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া দর্শক সারিতে বসে আলোচকদের বক্তব্য শুনেন।
স্বাধীনতা দিবসের আলোচনার মধ্য দিয়ে দলের তিনদিনের কেন্দ্রীয় কর্মসূচির সমাপ্তি হয়।
খোন্দকার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিঞা, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সহসভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন, সাদেক হোসেন খোকা, শমসের মবিন চৌধুরী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাঈদ এস্কান্দর, শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু , সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সেক্টর কমান্ডার হামিদুল্লাহ খান, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম।
অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, সহসভাপতি সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, কোষাধ্যক্ষ আবদুল মান্নানসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
পরে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সামাজিক সংস্থা জাসাস-এর শিল্পীরা গীতিনাট্য মঞ্চস্থ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৫৩ ঘ.
bdnews24