পদ্মাপারে ঘুড়ি উৎসব
মুন্সীগঞ্জের পদ্মাপাড়ে ঘুড়ি উড়াতে উড়াতে অনেকেই ফিরে গিয়েছিলেন ছেলে বেলায়। ঘুড়ি কাটাকাটির দর্শক যারা ছিলেন তারাও যেন ফিরে গিয়েছিলেন দুরন্ত শৈশবে।
মুন্সীগঞ্জ, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জের পদ্মাপাড়ে ঘুড়ি উড়াতে উড়াতে অনেকেই ফিরে গিয়েছিলেন ছেলে বেলায়। ঘুড়ি কাটাকাটির দর্শক যারা ছিলেন তারাও যেন ফিরে গিয়েছিলেন দুরন্ত শৈশবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্রী নুসরাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছোট বেলায় গ্রামের বাড়িতে ঘুড়ি উড়িয়েছি। আর আজ এই পদ্মাপাড়ে ঘুড়ি উড়াতে এসে আমি যেনো আমার ছোট বেলায় ফিরে গেছি।"
শনিবার বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের উদ্যোগে মুন্সীগঞ্জের বিক্রমপুরের মাওয়ায় পদ্মাপাড়ে বসেছিল এই ঘুড়ি উৎসব।
'ঢাকা ঘুড়ি উৎসব' নামে এই উৎসবে পদ্মাপাড়ের আকাশ ছেয়ে যায় বেসাতী, ড্রাগন, ডেল্টা, মাছরাঙা, ঈগল, ডলফিন, অক্টোপাস, সাপ, ব্যাঙ, মৌচাক, কামরাঙ্গা, পেচা, ফিনিক্স, পালতোলা নৌকাসহ নানা নকশা ও রঙের ঘুড়িতে।
সেইসঙ্গে টেরাকোটা, টেপাপুতুল, ড্রাগন ও বিশাল আকৃতির অলিম্পিক গেট উৎসবকে আরো আকর্ষণীয় করে তোলে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা মেতেছিলেন চিত্রাঙ্কন প্রতিযোগিতায়।
উৎসব উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর সিয়াং খাই ফু।
ঘুড়ি উৎসবে অংশ নেন ৫০ জন প্রতিযোগী।
প্রতিমন্ত্রী বলেন, "ঢাকায় আগে ছাদে ছাদে ঘুড়ি উড়ানোর দৃশ্য চোখে পড়তো। কিন্তু এটি এখন ভাটা পড়ে গেছে। পদ্মাপাড়ের এ উৎসব আবার ঘুড়ি উড়ানোর আগ্রহ বাড়িয়ে দিতে পারে।"
উৎসবে যোগ দেন নাট্যকার ম. হামিদ, সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ, জ্যোতিষবিদ ড. এ আর খান প্রমুখ।
ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্রী নাজিয়া আফরিন বলেন, "এখানে ঘুড়ি উড়ানো দেখতে এসে অন্য রকম অনুভুতি হলো।"
"ঘুড়ি উড়ানো দেখতে বেশ ভাল লাগছে। তবে ভাল হতো যদি ঘুড়ি উড়াতে পারতাম", বলেন নাজিয়ার সহপাঠী সুমন।
আর লৌহজংয়ের বাসিন্দা রেজাউল করিম তুহিন বলেন, "ছোট বেলায় সুতোয় মাঞ্জা দেওয়া, অন্য ঘুড়ি কাটার কৌশল রপ্ত করা নিয়ে ঘুড়ি উড়ানোর মৌসুমটা কাটতো দারুণ ব্যস্ততায়। কিন্তু এখন আর এসব খুব একটা দেখা যায় না। এই আয়োজন ভালো লাগছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৭ ঘ.
