রংপুর, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর কারমাইকেল কলেজ এলাকায় শুক্রবার রাতে ছাত্রলীগের দুই কর্মী ছুরিকাহত হয়েছে।
কলেজে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় তারা আহত হন বলে পুলিশ জানালেও ছাত্রলীগ বলছে, সংগঠনের দুই নেতা ছাত্র শিবিরের হামলার শিকার।
আহতরা হলেন- কলেজপাড়া ছাত্রলীগের সভাপতি রাফিউর রহমান ও সহ সভাপতি আবু সাফিয়ার। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি আব্দুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের দুই স্থানীয় নেতা আহত হন।
তিনি বলেন, কলেজে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের কোন্দলই তাদের ওপর হামলার কারণ।
কারমাইকেল কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জিকরুল মাহবুব শোভন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্র শিবিরকর্মীরা হামলা চালিয়ে রাফি ও সাফিকে আহত করেছে।
এ ঘটনায় শনিবার দুপুর ১২টা পর্যন্ত কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১৪ ঘ.
bdnews24