ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে সে স্লোগান দিয়ে শুক্রবার স্বাধীনতা দিবসের শোভাযাত্রা বের করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
নয়া পল্টনে বিএনপি কার্যালয় থেকে বের হয় বর্ণাঢ্য ওই শোভাযাত্রা। বিজয় নগর, তোপখানা রোড হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে তা শেষ হয়।
রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী শোভাযাত্রায় অংশ নেয়; তাদের স্লোগান ছিলো- 'স্বাধীনতার ঘোষক জিয়া- লও লও লও সালাম'।
নানা রঙের বেলুন, ফেস্টুন ছাড়াও বিএনপির প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বড় প্রতিকৃতি ছিলো বহন করা হয় শোভাযাত্রায়।
বাদক দলের পাশাপাশি জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা ট্রাকে চড়ে দলীয় ও জাতীয় সঙ্গীত গেয়ে শোভাযাত্রায় অংশ নেয়।
শোভাযাত্রা শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, "মেজর জিয়াই একাত্তরে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এটা দেশের মানুষ ও সারাবিশ্বের মানুষ জানে। এ ইতিহাস পাল্টানোর সুযোগ নেই।''
বিমানবন্দর থেকে জিয়ার নাম পরিবর্তনের সমালোচনা করে তিনি বলেন, "আওয়ামী লীগ জিয়াকে ভয় পায় বলে তার নাম মুছে ফেলার রাজনীতি শুরু করেছে। এভাবে নাম বদল করে জিয়াকে মুছে ফেলা যাবে না।"
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার নির্বাচনে প্রতিশ্র"তি পালনে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন খন্দকার মোশাররফ।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ফজলুর রহমান পটল, দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, ঢাকা মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালামসহ যুবদল, মহিলা দল, কৃষক দল, উলামা দল, ছাত্রদল নেতা-কর্মীরা শোভাযাত্রায় অংশ নেয়।
স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার বিকালে মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা করবে বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭৫০ ঘ.
bdnews24