২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় আহতের 'গুজবে' সড়ক অবরোধ

দুর্ঘটনায় এক সতীর্থ আহত হয়েছে দাবি করে বৃহস্পতিবার বিকালে রাজধানীর বিমানবন্দর সড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2010, 12:58 PM

Updated : 24 Aug 2022, 07:52 PM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনায় এক সতীর্থ আহত হয়েছে দাবি করে বৃহস্পতিবার বিকালে রাজধানীর বিমানবন্দর সড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে পুলিশ বলছে, শিক্ষার্থীর আহত হওয়ার ঘটনাটি গুজব। 'আহতের' নাম কিংবা পরিচয় কিছুই জানাতে পারেনি অবরোধকারী শিক্ষার্থীরা। স্থানীয়রা জানায়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্ররা বিকাল সোয়া ৪টার দিকে বনানীতে সড়কে অবস্থান নেয়। পরে পুলিশ এসে আলোচনার পর পৌনে ৫টার দিকে তারা রাস্তা ছাড়ে। ব্যস্ততম ওই সড়কে আধা ঘণ্টা গাড়ি চলাচল ব্যাহত হওয়ায় মহাখালী, গুলশান এলাকায় ব্যাপক যানজট দেখা দেয়। গুলশান থানার ওসি কামালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাইভেট কারে ধাক্কায় এক শিক্ষার্থী আহত হওয়ার খবর শুনে বনানীর চেয়ারম্যানবাড়ি সংলগ্ন বিমানবন্দর সড়কের পূর্বপাশে এসে অবস্থান নেয়। শিক্ষার্থীরা প্রাইভেট কারটি আটক এবং চালককে গ্রেপ্তারের দাবি জানালেও আহত শিক্ষার্থীর নাম বা গাড়ির নম্বার বলতে পারেনি বলে জানান ওসি। তিনি বলেন, পরে শিক্ষার্থীদের 'বুঝিয়ে-শুনিয়ে' বিমানবন্দর সড়ক থেকে সরানো হয়। সড়কে শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় বিমানবন্দর সড়কের এক পাশ দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছিলো বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৮৫৫ ঘ.