২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ইলিশ উৎপাদন বাড়াতে জাটকা রক্ষা যথেষ্ট নয়'

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ইলিশ উৎপাদন বাড়াতে শুধু জাটকা সংরক্ষণ করলেই হবে না, খনন করে নদীর প্রবাহ বাড়াতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2010, 09:23 AM

Updated : 24 Aug 2022, 07:52 PM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ইলিশ উৎপাদন বাড়াতে শুধু জাটকা সংরক্ষণ করলেই হবে না, খনন করে নদীর প্রবাহ বাড়াতে হবে। বৃহস্পতিবার বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আয়োজিত এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। সেমিনারে জানানো হয়, দেশে ইলিশের বার্ষিক উৎপাদন প্রায় ২ লাখ ৯৮ হাজার ৪৫৮ মেট্রিক টন। ইলিশ রপ্তানি করে প্রতি বছর আয় হয় প্রায় ১৫০ কোটি টাকা। কৃষিমন্ত্রী বলেন, ইলিশ উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও তা যথেষ্ট নয়। নদী খনন করে প্রবাহ এলাকা বাড়ালে ইলিশের উৎপাদন অনেক বাড়ানো সম্ভব হবে। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, "জাতীয় অর্থনীতি ও কর্মসংস্থানে ইলিশের গুরুত্ব অপরিসীম। তা সত্ত্বেও জাটকা নিধন ও অতিমাত্রায় ডিমওয়ালা ইলিশ আহরণ ও পরিবেশগত বিপর্যয়ের কারণে ইলিশের উৎপাদন কমে যায়। এজন্য ইলিশ রক্ষায় সরকার ব্যবস্থা নিয়েছে।" ইলিশ রক্ষায় দেশের চারটি এলাকায় নদীর ৩৩০ কিলোমিটার অভয়াশ্রম ঘোষণার কথা জানিয়ে লতিফ বিশ্বাস বলেন, এসব এলাকায় নির্দিষ্ট সময়ে ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এতে কর্মহীন হয়ে পড়া জেলেদের প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এছাড়াও বিকল্প কর্মসংস্থানের জন্য গবাদি পশু ও হাঁস-মুরগি পালনের ব্যবস্থা করা হচ্ছে। যাতে তারা ওই নির্দিষ্ট সময়ে বিকল্প আয় করতে পারে। সেমিনারের মূল প্রবন্ধে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা আনিছুর রহমান জানান, দেশে বর্তমানে ইলিশের বার্ষিক উৎপাদন প্রায় ২ লাখ ৯৮ হাজার ৪৫৮ মেট্রিক টন। যার বাজার মূল্য প্রায় ৭ হাজার কোটি টাকা। জাতীয় অর্থনীতিতে ইলিশের অবদান প্রায় এক শতাংশ। ইলিশ রপ্তানি করে প্রতি বছর প্রায় ১৫০ কোটি টাকা আয় হয়। মানবসৃষ্ট কারণে দেশে ইলিশের উৎপাদন কমে গিয়েছিলো জানিয়ে আনিছুর বলেন, প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধ ও অভয়াশ্রম ঘোষণাসহ বিভিন্ন কর্মসূচি নেওয়ায় এখন উৎপাদন বাড়ছে। এভাবে উৎপাদন বাড়তে থাকলে আগামী পাঁচ বছর পর দেশে প্রতি বছর ইলিশের উৎপাদন হবে প্রায় ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/এমআই/১৫১৫ ঘ.