জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাত ৯টার আগে হলে ঢোকা, পোস্টার লাগাতে অনুমতি নেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের 'স্বার্থের পরিপন্থী' সংবাদ প্রকাশ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করে শিক্ষার্থীদের জন্য নতুন আচরণবিধি প্রণয়ন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে অনুমোদিত এ বিধিমালার সমালোচনা উঠেছে শিক্ষার্থীদের মধ্য থেকে। বুধবার এর প্রতিবাদে ঢাকার অদূরে এ ক্যাম্পাসে মিছিলও হয়েছে। নতুন এ বিধিমালা শিক্ষার্থীদের অধিকার খর্ব করেছে বলেও অভিযোগ করেছে তারা।
গত ১০ মার্চ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় 'শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ' অনুমোদন দেওয়া হয় বলে প্রশাসনিক কর্মকর্তারা জানান। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের উপ নিবন্ধক (শিক্ষা) আবুল কালাম আজাদের স্বাক্ষরে তা জারি করা হয়।
শিগগিরই এটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানান।
'অধ্যাদেশের' ৫ নম্বর ধারায় 'ছাত্রদের আচরণবিধি' অংশে বলা হয়েছে, "কোনো ছাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন বা বিশ্ববিদ্যালয়ের কোনো বিষয় নিয়ে এমন কোনো প্রতিবেদন প্রকাশ করবে না বা প্রকাশে সহায়তা করবে না যা জনসমাজে বিশ্ববিদ্যালয়ের মর্যাদাকে ক্ষুণ
bdnews24