২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিচারককে হুমকিদাতা যুবক গ্রেপ্তার

চিঠি পাঠিয়ে চট্টগ্রামে বিচারককে হত্যার হুমকিদাতা যুবক আবু সাঈদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2010, 04:29 PM

Updated : 24 Aug 2022, 07:47 PM

চট্টগ্রাম, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিঠি পাঠিয়ে চট্টগ্রামে বিচারককে হত্যার হুমকিদাতা যুবক আবু সাঈদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম আইনজীবী ভবন (এনেক্স ভবন) থেকে চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌসকে হুমকি দেওয়া ওই যুবককে গ্রেপ্তার করা হয়। আইনজীবী ভবনের নিচে ফিজা ফুড নামের একটি খাবারের দোকানের কর্মী সাঈদ কুমিল্লার ব্রাহ্মণপাড়া গ্রামের সুলতান আহমেদের ছেলে। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বড় ভাইকে সাজা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সাঈদ যুগ্ম মহানগর দায়রা জজকে রেজিস্ট্রি চিঠি দিয়ে আগামী ২৭ চৈত্র ১৪১৬ বাংলা বোমা মেরে হত্যা ও কার্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি দেন।" ওই বিচারক মহানগর দায়রা জজ ভবানী প্রসাদ সিংহকে বিষয়টি অবহিত করেন বলে জানান নির্মলেন্দু। তিনি জানান, কোতোয়ালী থানা পুলিশ ঘটনা তদন্ত করে আইনজীবী ভবনের নিচতলা থেকে সাঈদকে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করে। জান্নাতুল ফেরদৌস গত ৭ মার্চ সাঈদের বড়ভাই হারুনুর রশিদকে চার বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২২১৯ ঘ.