ব্রহ্মণবাড়িয়া, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুগঞ্জ পাওয়ার স্টেশনের সাবস্টেশনের ভেতরে মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডে বন্ধ হয়ে যাওয়া সাতটি ইউনিটের মধ্যে পাঁচটি ইউনিট চালু হয়েছে।
বুধবার আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সারা রাত চেষ্টা করে জিটি ১, ৩নং ইউনিট, জিটি ২, ৪ নং ইউনিট এবং ২ নং ইউনিটে উৎপাদন শুরু হয়।
এগুলোর মধ্যে জিটি ১ ইউনিটটি ৫৬ মেগাওয়াট, ৩ নং ইউনিট ১৫০ মেগাওয়াট, জিটি ২ ইউনিট ৫৬ মেগাওয়াট, ৪ নং ইউনিট ১৫০ মেগাওয়াট এবং ২ নং ইউনিট ৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম।
মঙ্গলবার রাত ৮টার দিকে সাবস্টেশনের ভেতর হঠাৎ আগুন লেগে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড'র আটটি ইউনিটের মধ্যে সাতটি বন্ধ হয়ে যায়।
রাত ১০টার দিকে গ্যাস টারবাইন-২ নামের ৫৬ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট চালু হয়। এতে ২ ও ৮ নম্বর ইউনিটের মোট ১৮৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চালু থাকে।
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের আটটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৭২৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। কেন্দ্রের আটটি ইউনিটের মধ্যে মোট ছয়টি চালু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জিএনএ/১২৩৯ ঘ.
bdnews24