সিলেট, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিনের মাথায় আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন বিএনপি নেতা এম ইলিয়াস আলী।
একই মামলায় মঙ্গলবার তার স্ত্রী তাহসিনা রুশদী লোপাকেও জামিন দিয়েছেন সিলেটের জেলা ও দায়রা জজ মোমিনউল্লাহ।
দুর্নীতি দমন কমিশনের ওই মামলায় সোমবার একই আদালত ইলিয়াস দম্পতিকে গ্রেপ্তারে পরোয়ানা জারির আদেশ দেয়।
সিলেটের পাবলিক প্রসিকিউটর (পিপি) মিসবাহউদ্দিন সিরাজ সাংবাদিকদের জানান, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ইলিয়াস আলীর সম্পদের হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশন নোটিশ দিলেও তিনি তা দেননি।
পরে কমিশন অনুসন্ধান চালিয়ে ইলিয়াস দম্পতির ১ কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৮১২ টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়ার পর ২০০৮ সালের ২১ জুলাই দুদকের সহকারী পরিচালক এনামুল বাদি হয়ে সিলেট কোতোয়ালি থানায় মামলা করে।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের এ মামলায় ২০০৯ সালের ৬ মে অভিযোগপত্র দেওয়া হয়।
বিচার শুরুর পর পরপর তিনটি ধার্য দিনে ইলিয়াস দম্পতি আদালতে হাজিরা না দেওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ হয়।
আদালত আগামী ১০ মে এ মামলার শুনানির পরবর্তী দিন ঠিক করেছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস সিলেট জেলা বিএনপিরও সভাপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০০ ঘ.
bdnews24