২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি

বাছাই করা শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে আগামী ২৮ মার্চ রোববার বন্দরে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কর্মবিরতি পালন করবে শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2010, 04:54 PM

Updated : 24 Aug 2022, 07:45 PM

চট্টগ্রাম, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাছাই করা শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে আগামী ২৮ মার্চ রোববার বন্দরে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কর্মবিরতি পালন করবে শ্রমিকরা। সোমবার বন্দর ভবনের সামনে সমাবেশ ও অবস্থান ধর্মঘট করে এ কর্মসূচি ঘোষণা করে ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশন। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে সমাবেশে শ্রমিক নেতা হুঁশিয়ারি দেন। সোমবার বেলা সাড়ে এগারটা নাগাদ ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের কয়েকশ নেতাকর্মী মিছিল নিয়ে বন্দর ভবনের মূল ফটকের সামনে গিয়ে অবস্থান নেন ও সমাবেশ করেন। এ সমাবেশ প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী হয়। সমাবেশ থেকে শ্রমিক নেতারা চাকরিতে পুনর্বহাল, দরপত্রের মাধ্যমে বার্থ অপারেটর নিয়োগ, শ্রমিকদের জন্য হাসপাতাল ও ডরমিটরি চালুর দাবি জানান। সমাবেশে শ্রমিক নেতাদের মধ্যে ফেডারেশনের সভাপতি গোলাম মোহাম্মদ চৌধুরী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, ডক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, স্টিভিডোরিং স্টাফ ইউনিয়নের সাধারণ সম্পাদক রায়হান শরীফ, মার্চেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর নওশাদ বক্তব্য দেন। একই দাবিতে ২৫ মার্চ চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়। গত বছরের ২৬ অক্টোবর ঢাকায় নৌ-পরিবহন মন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং বন্দরের শ্রমিক নেতাদের ত্রিপক্ষীয় সমঝোতা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বন্দরের কর্মচ্যুত শ্রমিকদের যাচাই-বাছাই করে বন্দর কর্তৃপক্ষ। এ বছরের ২৬ জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী এই কার্যক্রমে প্রায় দুই হাজার সাতশ শ্রমিককে বাছাই করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২২৫০ ঘ.